• +91 6291642485
  • 6291642485
Banner

খেলার বিভাগ > টেনিস

প্রথমবার উইম্বলডন চ্যাম্পিয়ন সিনার

ম্যাচের স্কোর সিনারের পক্ষে ৪-৬, ৬-৪, ৬-৪, ৬-৪।

সদ্য ফরাসি ওপেনে কার্লোস আলকারাজের কাছে হেরে গিয়েছিলেন ইয়ানিক সিনার। উইম্বলডনে আলকারাজকে হারিয়ে ফরাসি ওপেনে হারের বদলা নিলেন ইটালীয় তারকা। ম্যাচের স্কোর সিনারের পক্ষে ৪-৬, ৬-৪, ৬-৪, ৬-৪।  উইম্বলডন জিততে পারলে এবার হ্যাটট্রিক করতেন আলকারাজ। কিন্তু সেই রেকর্ড হল না। সৌজন্যে সিনার! এই প্রথমবার উইম্বলডন জিতলেন সিনার।
ফরাসি ওপেনের ফাইনালের মতোই টানটান উত্তেজনা দেখা গিয়েছে উইম্বলডন ফাইনালে। আলকারাজ প্রথম সেট জেতেন ৬-৪ গেমে। তখন মনে করা হয়েছিল সিনারকে খুব সহজেই হারিয়ে দেবেন স্পেনের তারকা। কিন্তু টেনিস দেবতা হয়তো অন্য কিছু ভেবেছিলেন! পরপর দুটো সেটে খুব সহজেই আলকারাজকে হারিয়ে দেন সিনার। ম্যাচের স্কোর ৬-৪, ৬-৪। ম্যাচে ২-১ ফলে এগিয়ে যাওয়ার পরে ঘাসের কোর্টে নিজেকে চমৎকার ভাবে মেলে ধরেন ইটালীয় তারকা। আলকারাজের সার্ভিসও ব্রেক করেন সিনার। ফরাসি ওপেনে যে লড়াকু আলকারাজকে দেখা গিয়েছিল, এদিন প্রথম সেটের পরেই সেই লড়াকু আলকাকে পাওয়া যায়নি। বিশেষ করে প্রথম সেটের পরেই হারিয়ে গিয়েছিলেন স্পেনীয় তারকা। 
অন্যদিকে, দ্বিতীয় ও তৃতীয় সেট জয়ের পরেই নিজের ছন্দ খুঁজে পান সিনার। চতুর্থ সেটের প্রথম গেম হারলেও ম্যাচে ফিরে আসেন ভালোভাবেই। এদিন অনেক আত্মবিশ্বাসের সঙ্গে টেনিস উপহার দিয়েছেন ইটালীয় তারকা। সেমিফাইনালে নোভাক জকোভিচকে হারিয়েছিলেন স্ট্রেট সেটে। তখনই ইঙ্গিত পাওয়া গিয়েছিল ফাইনালে কী হতে পারে। ফাইনালেও সেই প্রতিচ্ছ্ববি ফুটে উঠল সিনারের খেলায়। চতুর্থ সেট তিনি জিতে নিলেন ৬-৪ ফলে।

     

বিজ্ঞাপন

Goto Top