খেলার বিভাগ > ফুটবল
শুক্রবার এই সিদ্ধান্ত জানিয়ে দিল সর্বভারতীয় ফুটবল ফেডারেশন।
ভারতীয় দলের হেড কোচের দায়িত্ব নিতে চলেছেন খালিদ জামিল। শুক্রবার এই সিদ্ধান্ত জানিয়ে দিল সর্বভারতীয় ফুটবল ফেডারেশন। এদিন তাদের সোশ্যাল মিডিয়া হ্যান্ডলে ফেডারেশন জানায়, ‘ফেডারেশনের টেকনিক্যাল কমিটির উপস্থিতিতে পুরুষদের জাতীয় সিনিয়র দলের হেড কোচ হিসাবে খালিদ জামিলকে নিয়োগ করার সিদ্ধান্তে সম্মতি জানিয়েছে
এক্সিকিউটিভ কমিটি’।
অর্থাৎ ১৩ বছরে এই প্রথম কোনও ভারতীয় কোচকে জাতীয় দলের কোচের দায়িত্ব পালন করার সুযোগ দেওয়া হল। স্প্যানিশ কোচ মানোলো মার্কেজ এই দায়িত্ব ছেড়ে দেওয়ার পর সম্প্রতি জাতীয় কোচের পদের জন্য আবেদন করার বিজ্ঞপ্তি দেয় ফেডারেশন। দেশ, বিদেশ থেকে বহু আবেদনের মধ্যে থেকে তিনজনকে বেছে নেওয়া হয়। জামিলের সঙ্গে ভারতীয় দলের প্রাক্তন কোচ স্টিফেন কনস্টান্টাইন ও স্লোভাকিয়ার প্রাক্তন জাতীয় কোচ স্তেফান তারকোভিচের নামও চূড়ান্ত করে আইএম বিজয়নের নেতৃত্বাধীন টেকনিক্যাল কমিটি। তবে প্রত্যাশা অনুযায়ী জামিলকেই বেছে নেয় ফেডারেশন। ২০১১ থেকে ২০১২ পর্যন্ত স্যাভিও মেডেইরা ভারতীয় দলের কোচ ছিলেন। এরপর আর কোনও দেশীয় কোচকে জাতীয় দলের দায়িত্ব দেওয়া হয়নি। তাই ৪৮ বছর বয়সি খালিদ জামিলকে বড়ো চ্যালেঞ্জের মুখোমুখি হতে হবে। যেভাবে আইজল এফসি ও জামশেদপুর এফসি-কে সাফল্যের পথ দেখিয়েছেন তিনি, সেই ভাবেই তিনি ভারতীয় দলকেও সাফল্যের রাস্তায় ফিরিয়ে আনতে পারবেন কি না, সেটাই দেখার।