খেলার বিভাগ > ফুটবল
পেনাল্টিতে ৩-২ গোলে হারিয়ে দিল খালিদ জামিলের ভারতীয় দল।
কাফা নেশনস কাপের তৃতীয় স্থান নির্ণায়ক ম্যাচে ওমানকে পেনাল্টিতে ৩-২ গোলে হারিয়ে দিল খালিদ জামিলের ভারতীয় দল। পেনাল্টিতে আল ইয়ামাদির শট আটকে ভারতীয় দলকে জয় এনে দিলেন গুরপ্রীত সিং।
ভারতের থেকে ফিফা ক্রমতালিকায় ৫৪ ধাপ ওপরে রয়েছে প্রতিপক্ষ ওমান। পাশাপাশি তাদের বিশ্ববন্দিত কোচ কার্লোস কুইরোজ তো ছিলই। তবে ম্যাচ শুরু হওয়ার পর থেকে ওমানের বিরুদ্ধে সমানে সমানে পাল্লা দিতে থাকে খালিদের দল। দু’একটা সুযোগও তৈরি করে ভারতীয় দল। তবে গোলের মুখ খুলতে পারেনি তারা। বিরতির সময় ম্যাচের ফল গোলশূন্য ছিল। তবে বিরতির পরে তাল কাটে ভারতীয় ডিফেন্সের। গোল খায় খালিদের দল। ম্যাচের ৫৫ মিনিটে ইয়ামদি গোল করে ওমানকে এগিয়ে দেন। গোল খাওয়ার পরে হুঁশ ফেরে ভারতীয় দলের। এরপর ক্রমাগত আক্রমণ শানাতে থাকে ভারতীয় স্ট্রাইকাররা। তাতেই ভেঙে পড়ে ওমানের রক্ষণ। ম্যাচের ৮০ মিনিটে উদান্ত সিং গোল করে ভারতীয় দলকে সমতায় ফেরান। এই গোলের পরে ম্যাচের রাশ পুরোপুরি নিয়ে নেয় খালিদের দল। পেনাল্টি বক্সে একের পর আক্রমণ শানাতে থাকে তারা। কিন্তু আর গোল করতে পারেনি ভারতীয় দল। নির্ধারিত সময় পর্যন্ত ম্যাচটি ১-১ ছিল। এরপর অতিরিক্ত সময়েও গোল করতে পারেনি দুই দল। তাই শেষ পর্যন্ত ম্যাচ গড়ায় পেনাল্টিতে। ছাংতে এবং রাহুল ভেকে প্রথম দুই শটে গোল করলেও, ওমান তাদের প্রথম দু’টি শটই মিস করে। সেই সময় মনে হচ্ছিল ভারত সহজেই জিতবে। কিন্তু এরপরই আনোয়ার আলি পেনাল্টি মিস করেন। চতুর্থ শটে জিতিন গোল করেন। পঞ্চম শটে উদান্ত সিং গোল করলেই খেলা শেষ হয়ে যেত। কিন্তু তিনিও মিস করে বসেন। তবে ভারতের গোলরক্ষক গুরপ্রীত সিং সান্ধুর বিশ্বস্ত হাতজোড়া জিতিয়ে দেয় ভারতকে। পেনাল্টিতে জিতে কাফায় তৃতীয় স্থান দখল করে খালিদের দল।