• +91 6291642485
  • 6291642485
Banner

খেলার বিভাগ > ফুটবল

ইস্টবেঙ্গলকে হারিয়ে সুপার কাপ নিজেদের কাছে রাখল গোয়া 

টাইব্রেকারে স্বপ্নভঙ্গ লাল-হলুদের।

মাণ্ডবীর জলে নিভল মশাল। ইস্টবেঙ্গলকে হারিয়ে সুপার কাপ নিজেদের কাছে রাখল গোয়া। দুই মরসুম আগে হোম দল ওড়িশাকে হারিয়ে সুপার কাপ জিতেছিল ইস্টবেঙ্গল। এবারও গোয়ার মাটিতে গোয়াকে হারিয়ে সুপার কাপ জয়ের হাতছানি ছিল। সেমিফাইনালে লাল কার্ড দেখায় এই ম্যাচে ডাগআউটে ছিলেন না ইস্টবেঙ্গলের হেডকোচ অস্কার ব্রুজো। গ্যালারি থেকেই দলের পরাজয় দেখলেন তিনি। আইএফএ শিল্ডে টাইব্রেকারে স্বপ্নভঙ্গ হয়েছিল তাঁদের। গোয়াতেও ফিরল দুঃস্বপ্নের সেই স্মৃতি।
শুরুতেই অবশ্য কর্নার পেয়ে গিয়েছিলেন গত বারের চ্যাম্পিয়নরা। ইস্টবেঙ্গলের কেভিন সিবিলে সজাগ থাকায় বিপদ হয়নি। ৬ মিনিটে ফ্রি-কিক পেলেও সুবিধা নিতে পারেনি লাল-হলুদ। ১১ মিনিটে সুযোগ আসে গোয়ার। পালটা আক্রমণে সুযোগ তৈরি করে ব্রুজোর ছেলেরাও। আনোয়ার আলির পাস সোজা চলে আসে মিগুয়েলের কাছে। বাঁ উইং বরাবর ছুটে গোলের কাছাকাছি পৌঁছেও বাইরে মারেন।  ৩৮ মিনিটে সুযোগ পায় গোয়া। ৪২ মিনিট বিপিন সিংয়ের পাস সোজা চলে আসে নাওরেমের কাছে। তাঁর নেওয়া শট বাঁচান গোয়ান গোলরক্ষক হৃতিক তিওয়ারি। প্রথমার্ধ শেষ হয় গোলশূন্য অবস্থায়।
 দ্বিতীয়ার্ধের শুরুতে আক্রমণের ঝাঁজ বাড়ায় গোয়া। খেলার গতির বিরুদ্ধে গিয়ে ৬২ মিনিটে সুবর্ণ সুযোগ পেয়ে গিয়েছিল ইস্টবেঙ্গলও। বিপিন সিং ঠিকানালেখা পাস বাড়িয়েছিলেন হিরোশিকে লক্ষ্য করে। তাঁর হেড আটকাতে অবশ্য বেশি কসরত করতে হয়নি হৃতিককে। ৭৪ মিনিটে পিভি বিষ্ণুর শট গোল লাইন থেকে ফেরান গোয়ার গোলরক্ষক। ৭৭ মিনিটে ওপেন নেট মিস করেন বোরহা। লক্ষ্যভ্রষ্ট তাঁর হেড। নির্ধারিত ৯০ মিনিট পর্যন্ত কোনও প্রতিপক্ষই গোল না দিতে পারায় ম্যাচ গড়ায় অতিরিক্ত সময়ে। অতিরিক্ত সময়ের দ্বিতীয়ার্ধের প্রথম দু’মিনিটে অন্তত তিনিটি সহজ সুযোগ নষ্ট করে গোয়া।  ১২০ মিনিট পর্যন্ত গোলশূন্য থাকায় ম্যাচ যায় টাইব্রেকারে। সেখানে ইস্টবেঙ্গলকে টেক্কা দিল গোয়া।

     

বিজ্ঞাপন

Goto Top