• +91 6291642485
  • 6291642485
Banner

খেলার বিভাগ > ফুটবল

সাউথ ইউনাইটেডকে গোলের মালা ইস্টবেঙ্গলের

৫-০ গোলে জয় লাল-হলুদের। 

অচেনা প্রতিপক্ষ বেঙ্গালুরুর সাউথ ইউনাইটেড এফসি। তাদের বিরেুদ্ধে প্রিয় ইস্টবেঙ্গল কেমন খেলবে তা দেখার জন্য যুবভারতী ক্রীড়াঙ্গনে হাজির হয়েছিল প্রায় ১২ হাজার দর্শক। ডুরান্ড কাপের প্রথম ম্যাচে সমর্থকদের নিরাশ করল না ইস্টবেঙ্গল। একরকম 
হাসতে হাসতে জিতে ডুরান্ড অভিযান শুরু করল লাল-হলুদ। ভালো ফুটবলের নমুনা তুলে ধরে সাউথ ইউনাইটেড এফসিকে ৫-০ গোলে উড়িয়ে দিল অস্কার ব্রুজোর ছেলেরা। দলের হয়ে গোলগুলো করেন  লালচুংনুঙ্গা, সল ক্রেসপো, বিপিন সিং, দিমি ও নাওরেম মহেশ। 
শুরু থেকে অবশ্য সেভাবে মেলে ধরতে পারেনি ইস্টবেঙ্গল। তবে খেলা যত গড়িয়েছে ততই মেলে ধরেছে লাল-হলুদ। দুর্বল প্রতিপক্ষের বিরুদ্ধে অবশ্য শুরুতেই গোল পায় ব্রুজোর ছেলেরা। ম্যাচের ১২ মিনিটে লালচুংনুঙ্গার দূরপাল্লার বিশ্বমানের শটে এগিয়ে যায় ইস্টবেঙ্গল। এই গোলের পরে উজ্জীবিত হয়ে খেলতে থাকে মশাল বাহিনী। ১৮ মিনিটে সল ক্রেসপোর হেড অল্পের জন্য লক্ষ্যভ্রষ্ট হয়। ২১ মিনিটে সুযোগ হারান ডেভিড। ৩৪ মিনিটে ক্রেসপো আবার মিস করেন। এরপর পেনাল্টি পায় ইস্টবেঙ্গল। ৩৮ মিনিটে পেনাল্টি থেকে গোল করতে কোনও ভুল করেননি ২৯ বছর বয়সি স্প্যানিশ তারকা ক্রেসপো। বিরতির সময় ২-০ গোলে এগিয়ে ছিল লাল-হলুদ।
দ্বিতীয়ার্ধে আরও উজ্জীবিত ফুটবল খেলতে থাকে লাল-হলুদ। ইউনাইডের রক্ষণভাগে মুহুর্মুহু আক্রমণ শানাতে থাকেন ইস্টবেঙ্গল ফুটবলাররা। ৬০ মিনিটে আবারও সুযোগ হারায় ইস্টবেঙ্গল। ৬৩ মিনিটে মহেশের শট লক্ষ্যভ্রষ্ট হয়। ৬৭ মিনিটে রশিদের জোরাল শট পোস্টের পাশ দিয়ে চলে যায়। ৭৯ মিনিটে গোল করে ইস্টবেঙ্গলে নিজের অভিষেক স্মরণীয় করে রাখলেন বিপিন সিং। এদিন শুরু থেকেই নজর কেড়েছেন বিপিন। তিন গোলে এগিয়ে যাওয়ার পরে ম্যাচের রাশ পুরোপু্রি নিজেদের দখলে নিয়ে নেয় লাল-হলুদ। ৮৮ মিনিটে দলের স্কোর ৪-০ করেন দিয়ামান্তাকোস। এদিন ইউনাইটেডের গোলকিপারের ব্যর্থতা চোখে পড়েছে। তাদের রক্ষণের দূর্বলতা বারবার ধরা পড়েছে। শেষ পর্বে ৯০ মিনিটে ইস্টবেঙ্গলের হয়ে ৫-০ করেন মহেশ।

     

বিজ্ঞাপন

Goto Top