খেলার বিভাগ > ক্রিকেট
সংবাদমাধ্যমের রিপোর্টে এমনটাই দাবি করা হয়েছে।
অবসরের আগে গুরু রবি শাস্ত্রীর সঙ্গে আলোচনা করেন বিরাট। এক সর্বভারতীয় সংবাদমাধ্যমের রিপোর্টে এমনটাই দাবি করা হয়েছে।
ওই রিপোর্টে বলা হয়েছে, অবসরের আগে বিরাটের সঙ্গে আইসিসি চেয়ারম্যান জয় শাহ এবং বিসিসিআই সহ-সভাপতি রাজীব শুক্লার বৈঠকের কথা ছিল। আসলে বিরাট অনেকদিন আগেই টেস্ট ছাড়ার সিদ্ধান্ত নিয়ে ফেলেছিলেন। সেটা সম্ভবত নিজের ফর্ম, বোর্ডের কঠোর পরিবার নীতি এবং কোচ গম্ভীরের আগমনের জেরে। তবে ইংল্যান্ড সিরিজে বিরাটকে সম্ভবত খেলাতে চাইছিল বিসিসিআই। খোদ আইসিসি চেয়ারম্যান তথা প্রাক্তন বোর্ড সচিব জয় শাহ বিরাটের সঙ্গে কথা বলতে চেয়েছিলেন। এমনকী বোর্ড সহ-সভাপতি রাজীব শুক্লার সঙ্গেও তাঁর বৈঠক হওয়ার কথা ছিল। কিন্তু এরই মধ্যে ভারত ও পাকিস্তানের মধ্যে অশান্তি শুরু হয়ে যায়। ফলে প্রস্তাবিত ওই বৈঠকগুলি আদৌ হয়েছে কিনা, সেটা স্পষ্ট নয়।
সর্বভারতীয় সংবাদমাধ্যমের ওই রিপোর্টেই বলা হয়েছে, বিরাটের সঙ্গে শাস্ত্রীর সম্পর্কের রসায়ন সকলের জানা। ভারতীয় দলের কোচ থাকাকালীন শাস্ত্রীর সঙ্গে বিরাটের বন্ধুর মতো সম্পর্ক তৈরি হয়ে গিয়েছিল। ক্রিকেট মাঠে বিরাটের আগ্রাসনের অন্যতম পৃষ্ঠপোষকও তিনিই। শাস্ত্রীকেই ক্রিকেট মহলে সবচেয়ে বেশি ভরসা করেন কোহলি। সেকারণেই তাঁর সঙ্গে কথা।