খেলার বিভাগ > ক্রিকেট
রোহিতের অনুরোধে ।
একাধিক সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, বোর্ড ইতিমধ্যেই দিলীপকে ফিল্ডিং কোচ হিসাবে পুনর্নিয়োগ করেছে। আপাতত এক বছরের চুক্তি করা হয়েছে। বোর্ড চাইছিল বিদেশি ফিল্ডিং কোচ। কিন্তু পছন্দমতো কাউকে পাওয়া যায়নি বলে দিলীপকে ফেরানো হয়েছে। বোর্ডের এক সূত্র বলেছেন, “আমরা এক বছরের জন্য দিলীপকে নিয়োগ করেছি। উনি দলের সঙ্গে ইংল্যান্ডে যাবেন।”
রাহুল দ্রাবিড়ের আমলে ফিল্ডিং কোচ হিসাবে যথেষ্ট গুরুত্ব ছিল দিলীপের। গম্ভীরের সঙ্গে বছরখানেক কাজ করেছেন। মে মাস পর্যন্ত চুক্তি থাকলেও অস্ট্রেলিয়া সিরিজ়ের পরেই তাঁকে ছাঁটাই করা হয়। অভিষেক নায়ার এবং কিছু সাপোর্ট স্টাফও ছাঁটাই হন।
শোনা গিয়েছিল, রোহিতের পছন্দের কোচ হওয়ার কারণে দিলীপ এবং অভিষেককে চাকরি খোয়াতে হয়েছে। অভিষেক কেকেআরে ফিরে গেলেও দিলীপ কোথাও যোগ দেননি। এখন শোনা যাচ্ছে, টেস্ট থেকে অবসর নেওয়ার পরে রোহিত নিজে থেকেই বোর্ড এবং গম্ভীরকে অনুরোধ করেছিলেন দিলীপকে ফিরিয়ে আনার জন্য। বোর্ডের কর্তাদের সঙ্গে গম্ভীরের আলোচনার পর দিলীপকে ফেরানোর সিদ্ধান্ত চূড়ান্ত হয়।
এ দিকে, প্রথমে বোর্ড জানিয়েছিল, ভারত ‘এ’ দলের দ্বিতীয় প্রস্তুতি ম্যাচের আগে দলে যোগ দেবেন শুভমন গিল এবং সাই সুদর্শন। সেই ম্যাচ ৬ জুন থেকে শুরু। তবে শুভমনের দল ইতিমধ্যেই প্লে-অফে উঠেছে। যদি তারা ৩ জুন আইপিএল ফাইনাল খেলে, তা হলে দু’দিনের মধ্যে ইংল্যান্ডে পৌঁছে ম্যাচ খেলতে নামা ক্লান্তিকর হয়ে যাবে। এ সব ভেবেই ৪৬ দিনের ইংল্যান্ড সফরের আগে শুভমনকে বিশ্রাম দেওয়ার কথা ভাবছে বোর্ড। তবে সুদর্শনকে নিয়ে কিছু শোনা যায়নি।