খেলার বিভাগ > ক্রিকেট
ডিউক বল নিয়ে ক্ষোভ কমছে না গাভাসকরের।
ডিউক বল নিয়ে ক্ষোভ কমছে না সুনীল গাভাসকরের। ভারতের প্রাক্তন ক্রিকেটারের মতে, ভারতে যদি এই ঘটনা ঘটত তা হলে ইংল্যান্ড ক্রিকেট বোর্ড ও সেখানকার সংবাদমাধ্যম সমালোচনা শুরু করত। যেহেতু ইংল্যান্ডে এটা হয়েছে তাই সকলে ধামাচাপা দেওয়ার চেষ্টা করছে।
লর্ডস টেস্টের মাঝে ধারাভাষ্য দেওয়ার সময় সানি বলেন, ‘যদি এই ঘটনা ভারতে ঘটত। যদি এমনটা হত যে বল বদলের পরেও তার আকার তাড়াতাড়ি নষ্ট হয়ে যাচ্ছে। তা হলে তো ইংল্যান্ড বোর্ড ও সেখানকার সংবাদমাধ্যম রে রে করে তেড়ে আসত। তা হলে এখন কেন কথা হবে না?’
ভারত-ইংল্যান্ড টেস্টে ডিউক বল নিয়ে বিতর্ক বেড়েই চলেছে। তাড়াতাড়ি বলের আকার নষ্ট হয়ে যাচ্ছে। ভারতীয় ক্রিকেটারদের অভিযোগ, খুব তাড়াতাড়ি বল নরম হয়ে যাচ্ছে। ফলে বোলারদের সমস্যা হচ্ছে। তার মধ্যেই ভারতের অভিযোগ, তাদের পুরনো বল দেওয়া হয়েছে। আম্পায়ারের সঙ্গে তর্কেও জড়িয়েছেন শুভমন গিলরা। লর্ডসে প্রথম দিন কোনও সমস্যা হয়নি। কিন্তু দ্বিতীয় নতুন বল নিয়ে সমস্যা হয়। দ্বিতীয় দিন শুরুর স্পেলে জসপ্রীত বুমরা ইংল্যান্ডের তিন ব্যাটারকে আউট করার পরেও বল নিয়ে খুশি ছিল না ভারতীয় দল। তাঁরা অভিযোগ করেন আম্পায়ার শরফুদ্দৌলা সৈকতের কাছে। বাংলাদেশের আম্পায়ার খতিয়ে দেখেন, সত্যিই বলের আকার বদলে গিয়েছে। ততক্ষণে সেই বলে মাত্র ১০.৩ ওভার খেলা হয়েছে।
বল বদলের পর যে বল দেওয়া হয় তা নিয়েও খুশি ছিলেন না শুভমনরা। বল হাতে পেয়েই শুভমন তা নিয়ে আপত্তি করেন। তাঁদের অভিযোগ, বল মোটেই ১০ ওভার পুরনো নয়। আরও পুরনো। শরফুদ্দৌলা অনুরোধ করেন তাড়াতাড়ি বল করতে যাওয়ার জন্য। সেই সময় ধারাভাষ্য দিচ্ছিলেন গাভাসকর। তিনিও বল দেখে অবাক হয়ে যান। সানি বলেন, ‘এখান থেকে দেখেও বোঝা যাচ্ছে যে ওটা কোনও ভাবেই ১০ ওভার পুরনো বল নয়। অন্তত ২০ ওভার পুরনো বল।’ তিনি আরও বলেন, ‘বারবার ডিউক বল নিয়ে অভিযোগ হচ্ছে। আগে এই বলে যা সুইং হত এখন তার ধারেকাছেও হয় না। এবার সত্যি ভাবার সময় এসেছে। ইংল্যান্ড ক্রিকেট বোর্ডকে ভাবতে হবে, এর পরেও ডিউক বলে ওরা খেলবে কি না।’
সেই বলেও বেশিক্ষণ খেলা হয়নি। আট ওভার পর আবার আম্পায়ারের কাছে অভিযোগ করে ভারতীয় দল। দেখেন বল আকারে বড়ো হয়ে গিয়েছে। বল পরীক্ষা করার ‘রিং’-এর মধ্যে ঢুকছে না। ফলে আবার বল বদলানো হয়। সেই কারণেই সেই বলে বেশিক্ষণ খেলা হল না! দ্বিতীয়বার বল বদলের পরে অবশ্য কোনও অভিযোগ করেনি ভারতীয় দল।
টেস্টে একটা বলে ৮০ ওভার খেলা হয়। সেখানে ডিউক বলের আকার ১০ ওভারও ঠিক থাকছে না। এতে অবাক ইংল্যান্ডেরই প্রাক্তন ক্রিকেটার স্টুয়ার্ট ব্রড। তিনি সমাজমাধ্যমে লেখেন, ‘বল সবসময় একজন ভালো উইকেটরক্ষকের মতো। তাকে নিয়ে বেশি আলোচনা হয় না। কিন্তু এই সিরিজে বল নিয়ে অনেক কথা হচ্ছে। এটা মানা যায় না। পাঁচ বছর ধরে এই সমস্যা হচ্ছে। ডিউক বলে সমস্যা হচ্ছে। একটা বলে ৮০ ওভার হওয়া উচিত। ১০ ওভার নয়। এই সমস্যা মেটাতেই হবে।’