খেলার বিভাগ > ক্রিকেট
আগামী দিনে জাতীয় দলের আরও তিন তারকাকে দেখা যাবে ঘরোয়া একদিনের ক্রিকেট খেলতে।
শুধু রো-কো জুটি নয়, জাতীয় ক্রিকেট দলের আরও ছয় ক্রিকেটার ঘরোয়া ক্রিকেট খেলেই নিউজিল্যান্ড সিরিজের প্রস্তুতি সারছেন। বিরাট কোহলি ও রোহিত শর্মা দু’টি করে ম্যাচ খেলেছেন। জানা গিয়েছে, কোহলি আরও একটি ম্যাচ খেলতে পারেন। ঋষভ পন্থ নিয়মিত খেলছেন। যশস্বী জয়সওয়ালও বুধবার খেলতে নেমেছেন। আগামী দিনে জাতীয় দলের আরও তিন তারকাকে দেখা যাবে ভারতের ঘরোয়া একদিনের ক্রিকেট খেলতে। তাঁরা হলে শুভমন গিল, লোকেশ রাহুল ও রবীন্দ্র জাদেজা।
পায়ের চোটের পর এখনও জাতীয় দলে খেলতে দেখা যায়নি শুভমনকে। তার মাঝেই ধাক্কা খেয়েছেন তিনি। ভারতের টি-টোয়েন্টি বিশ্বকাপের দল থেকে বাদ পড়েছেন। ১১ জানুয়ারি থেকে নিউজিল্যান্ডের বিরুদ্ধে শুরু একদিনের সিরিজ। তার আগে বিজয় হাজারেতে নামবেন শুভমন। ভারতের টেস্ট ও একদিনের দলের অধিনায়ক শুভমন আগেই জানিয়েছিলেন, জানুয়ারি মাসে খেলবেন তিনি। এবার জানা গেল, কবে কবে খেলবেন। ক্রিকবাজ জানিয়েছে, ৩ জানুয়ারি সিকিম ও ৬ জানুয়ারি গোয়ার বিরুদ্ধে পঞ্জাবের হয়ে খেলবেন শুভমন। তারপর ৭ বা ৮ জানুয়ারি দলের সঙ্গে যোগ দেবেন তিনি। জাদেজাও জানিয়ে দিয়েছেন, সৌরাষ্ট্রের হয়ে দু’টি ম্যাচ খেলবেন তিনি। ৬ জানুয়ারি সার্ভিসেস ও ৮ জানুয়ারি গুজরাটের বিরুদ্ধে খেলে নিউজিল্যান্ড সিরিজের প্রস্তুতি সারবেন ভারতের অলরাউন্ডার। রাহুলও জানিয়েছেন যে, কর্নাটকের হয়ে খেলবেন তিনি। সম্ভবত ৩ জানুয়ারি ত্রিপুরা ও ৬ জানুয়ারি রাজস্থানের বিরুদ্ধে খেলতে দেখা যাবে তাঁকে। ভারতীয় ক্রিকেট বোর্ড নির্দেশ দিয়েছে, জাতীয় দলে জায়গা ধরে রাখতে হলে ঘরোয়া ক্রিকেট খেলতে হবে। যে সময় ক্রিকেটাররা ফাঁকা থাকবেন, ঘরোয়া ক্রিকেটে নামবেন তাঁরা। চোট সারিয়ে ফেরার ক্ষেত্রেও আগে ঘরোয়া ক্রিকেট খেলে তারপর জাতীয় দলে ঢুকতে হবে। রোহিত, কোহলির মতো তারকাদের সেই নির্দেশ মানতে হচ্ছে। এবার সেই পথে হাঁটবেন শুভমন, জাদেজা ও রাহুলও।