খেলার বিভাগ > ক্রিকেট
বোলিং ও ফিল্ডিংয়ের ভুল শুধরেই সাফল্য, জানিয়ে দিলেন শুভমন
হেডিংলেতে ইংল্যান্ডের কাছে প্রথম টেস্টে হারের পরেই ভারতের বোলিং এবং ফিল্ডিং নিয়ে প্রশ্ন উঠেছিল। প্রথম টেস্টে বোলাররা যে রকম খারাপ বল করেছিলেন, তেমনই ফিল্ডিংয়ের সময় ভারত প্রচুর ক্যাচ ফস্কেছিল। যশস্বী জয়সওয়াল একাই চারটি ক্যাচ ফেলেছিলেন। সেই দুই ভুল শুধরে নিয়েই এজবাস্টনে প্রত্যাবর্তন করেছে ভারত। ম্যাচের পর জানালেন অধিনায়ক শুভমন গিল। ভারতের অধিনায়ক মুগ্ধ আকাশদীপকে নিয়ে।
বৃহস্পতিবার থেকে শুরু হতে চলা লর্ডস টেস্টে যে বুমরা খেলবেন তা আবার জানিয়ে দিলেন শুভমন। একইসঙ্গে বললেন, ‘লর্ডসে টেস্ট ম্যাচে দেশের নেতৃত্ব দিতে নামার চেয়ে বড়ো সম্মান আর কিছু হয় না। আমি তাকিয়ে আছি সেই দিকে।’
এজবাস্টন টেস্ট শুরু হওয়ার আগে শুভমন যখন সাংবাদিক বৈঠক করেছিলেন তখন এক সাংবাদিক তাঁকে জানান, এর আগে কোনও দিন ভারত এই মাঠে জিততে পারেনি। শুভমনের ওপর কি তা হলে চাপ আরও বেশি? সেই সময় শুভমন জানান, আলাদা কোনও চাপ তাঁদের নেই। আর পাঁচটা টেস্টের মতো এই টেস্টও খেলতে চান তাঁরা। রবিবার ম্যাচ শেষে সাংবাদিক বৈঠকে গিয়ে শুভমন প্রথমেই জিজ্ঞাসা করেন, ‘আমার প্রিয় সাংবাদিককে তো দেখছি না। উনি কোথায়? ওঁকে দেখতে ইচ্ছা করছিল।’ শুভমনের কথা শুনে বৈঠকে উপস্থিত অন্য সাংবাদিকেরা হেসে ফেলেন। তার পর ভারত অধিনায়ক বলেন, ‘টেস্ট শুরুর আগেও বলেছিলাম, আমি ইতিহাস বা পরিসংখ্যান নিয়ে বেশি ভাবি না। প্রায় ৬০ বছর ধরে আমরা এখানে ন’টা টেস্ট খেলেছি। বিভিন্ন দল এসেছে। আমার মতে, ইংল্যান্ড সফরে আসা ভারতীয় দলগুলোর মধ্যে আমাদের দলটাই সেরা।’