খেলার বিভাগ > ক্রিকেট
সোমবার এই ঘোষণা করেছে প্রিমিয়ার লিগ।
কেরিয়ারের মাঝেই বড়ো দায়িত্ব পেলেন সঞ্জু স্যামসন। ভারতীয় ক্রিকেটারকে ইংলিশ প্রিমিয়ার লিগ ভারতে তাদের প্রচার দূত করেছে। ভারতে প্রিমিয়ার লিগের প্রচারে প্রধান ভূমিকা নিতে হবে সঞ্জুকে।
সোমবার এই ঘোষণা করেছে প্রিমিয়ার লিগ। ভারতে প্রিমিয়ার লিগের জনপ্রিয়তা রয়েছে। ম্যাঞ্চেস্টার ইউনাইটেড, ম্যাঞ্চেস্টার সিটি, লিভারপুল, আর্সেনালের সমর্থকের সংখ্যা প্রচুর। সেই সুযোগটাই কাজে লাগাতে চাইছে প্রিমিয়ার লিগ। সঞ্জুকে দায়িত্ব দেওয়ার পর অবশ্য একটা প্রশ্নও উঠছে। কোনও ফুটবলারকে কেন এই দায়িত্ব দেওয়া হল না? তবে কি ভারতের ফুটবলের খারাপ হালের কারণে ফুটবলারদের ওপর ভরসা করছে না ইংল্যান্ডের লিগের কর্তারা? ক্রিকেটার হলেও ফুটবল ভালোবাসেন সঞ্জু। ভারতীয় ক্রিকেটার আগে জানিয়েছেন, লিভারপুলের অন্ধ ভক্ত তিনি। আইএসএলের ক্লাব কেরল ব্লাস্টার্সেরও প্রচার দূত সঞ্জু। এবার আরও একটি দায়িত্ব পেলেন তিনি। ২০১৫ সালে ভারতের জাতীয় দলে অভিষেক হলেও অনিয়মিত ছিলেন সঞ্জু। গত কয়েক বছরে দেশের টি-টোয়েন্টি দলে নিয়মিত মুখ তিনি। আইপিএলে রাজস্থান রয়্যালসের অধিনায়ক সঞ্জু কয়েক দিন আগেই দেশের হয়ে এশিয়া কাপ জিতেছেন। ভারতের হয়ে ১৬টি এক দিনের ম্যাচে ৫১০ ও ৪৫টি টি-টোয়েন্টি ম্যাচে ৯৯৩ রান করেছেন তিনি। ৫০ ওভারের ক্রিকেটে একটি ও কুড়ি-বিশের ক্রিকেটে তিনটি শতরান করেছেন তিনি।