খেলার বিভাগ > ক্রিকেট
সিরিজ জয়ী অধিনায়কের হাতে তুলে দেওয়া হবে পতৌদি ট্রফি।
অবশেষে মুখ খুললেন মাস্টার ব্লাস্টার। নবাব পতৌদির নাম সরিয়ে এবার ভারত-ইংল্যান্ড টেস্ট সিরিজের নামকরণ করা হয়েছে তেন্ডুলকর-অ্যান্ডারসনের নামে। যা নিয়ে বিতর্ক তুঙ্গে। এমনকী শচীন তেন্ডুলকরকেও কাঠগড়ায় তুলতে ছাড়েননি নেটিজেনরা। এবার মাস্টার ব্লাস্টার স্পষ্ট জানিয়েছেন, পতৌদির ঐতিহ্যকে বাঁচিয়ে রাখতে সবরকম ভাবে চেষ্টা করেছেন তিনি।
ভারত-ইংল্যান্ড টেস্ট সিরিজের আগের নাম ছিল পতৌদি ট্রফি। বর্তমানে এই সিরিজের নাম তেন্ডুলকর-অ্যান্ডারসন ট্রফি। বিতর্ক এই নিয়েই। পতৌদির ঐতিহ্য মুছে দেওয়ার চেষ্টা চলছে বলে অভিযোগ উঠেছে। কিন্তু বিতর্কের মধ্যেও সিরিজের নাম বদলাচ্ছে না। জানা গিয়েছে, সিরিজ শুরুর আগের দিন বৃহস্পতিবার আনুষ্ঠানিক ভাবে এই সিরিজের নাম ঘোষণা করা হবে। প্রাথমিক ভাবে মনে করা হয়েছিল, জাঁকজমকপূর্ণ অনুষ্ঠান করে এই সিরিজের নামকরণ হবে। কিন্তু আমেদাবাদ বিমান দুর্ঘটনার জেরে যাবতীয় অনুষ্ঠান বাতিল করা হয়েছে।
পতৌদি ট্রফির নাম পরিবর্তনের পরেই সরব হয়েছিলেন স্বয়ং শচীন। তিনি ইংল্যান্ড বোর্ডকে অনুরোধ করেছেন, পতৌদির ঐতিহ্য বজায় রাখতে। পরে বিসিসিআইয়ের সঙ্গেও শচীন এই বিষয়ে কথা বলেন। তারপর বিষয়টিতে হস্তক্ষেপ করেন আইসিসি চেয়ারম্যান জয় শাহ। এরপর সিদ্ধান্ত নেওয়া হয়, সিরিজ জয়ী অধিনায়কের হাতে তুলে দেওয়া হবে মেডেল অফ এক্সেলেন্স। পতৌদিকে সম্মান জানাতেই এই পুরস্কার দেওয়া হবে।
এবার এক পডকাস্টে এই বিষয় নিয়ে মুখ খুলেছেন শচীন। তিনি বলেন, ‘পতৌদির ঐতিহ্য বাঁচিয়ে রাখা দরকার। ভারতীয় ক্রিকেটে পতৌদি পরিবারের অবদান অনস্বীকার্য। আমি তাঁর পরিবারের সঙ্গে কথা বলেছি। জয় শাহ, বিসিসিআই, ইসিবি-সকলের সঙ্গে কথা বলেছি। তারপরেই সিদ্ধান্ত নেওয়া হয়, পতৌদি মেডেল দেওয়া হবে সিরিজ জয়ী অধিনায়ককে। তবে সিরিজের নামকরণের সিদ্ধান্ত দুই বোর্ডের। আমি আমার সবটা দিয়ে চেষ্টা করেছি পতৌদির ঐতিহ্যকে বাঁচিয়ে রাখতে।’