• +91 6291642485
  • 6291642485
Banner

খেলার বিভাগ > ক্রিকেট

রিচাকে সংবর্ধনা দিল সিএবি

ভারতের অধিনায়ক হিসাবে দেখতে চান সৌরভ ।
 

বিশ্বজয় করার পরে রাজ্যে ফিরে অভিনন্দনের জোয়ারে ভাসছেন বাংলার প্রথম বিশ্বকাপজয়ী ক্রিকেটার রিচা ঘোষ। শুক্রবার নিজের শহর শিলিগুড়িতে উষ্ণ সংবর্ধনা পেয়েছিলেন ২২ বছরের বঙ্গ তনয়া। শনিবার রিচাকে জমকালো সংবর্ধনা দিল সিএবি। সংবর্ধনা মঞ্চ যেন চাঁদের হাট। ছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস, সিএবি সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায়, প্রাক্তন ক্রিকেটার ঝুলন গোস্বামী প্রমুখ। উত্তরীয়, পুষ্পস্তবক ও মিষ্টির পর সিএবি তাঁর হাতে তুলে দেন সোনার ব্যাট ও বল। দেওয়া হয় ৩৪ লক্ষ টাকার চেক। তার পরেই রাজ্য সরকারের পুরস্কার পান রিচা। তাঁকে দেওয়া হয় বঙ্গভূষণ সম্মান। মুখ্যমন্ত্রী রিচার গলায় একটি সোনার হার পরিয়ে দেন। পাশাপাশি রাজ্য পুলিশের চাকরি দেওয়া হয় শিলিগুড়ি তনয়াকে। ডিএসপি-র নিয়োগপত্র তুলে দেওয়া হয়।
সৌরভ জানান, বিশ্বকাপ ফাইনালে ৩৪ রান করেছিলেন রিচা। তাই তাঁকে ৩৪ লক্ষ টাকার চেক দেওয়া হয়েছে। শনিবার বাবা-মায়ের সঙ্গে ইডেনে এসেছিলেন রিচা। মুখ্যমন্ত্রী মঞ্চে ডেকে নেন রিচার মা-বাবাকেও। এদিন বাংলার প্রাক্তন পুরুষ ও মহিলা ক্রিকেটরদেরও আমন্ত্রণ জানানো হয়েছিল। 
রিচাকে বিশ্বজয়ের অভিনন্দন জানিয়ে ঝুলন বলেন, ‘২০১৩ সালে সিএবি-কে বলেছিলাম, জেলা থেকে প্রতিভা তুলে আনতে চাই। সেই বছর শুরু হয়েছিল ট্যালেন্ট হান্ট। সেখানেই রিচাকে প্রথম দেখি। আমার দেখা সেরা প্রতিভা।’  তবে রিচাকে সিনিয়র দলে খেলাতে সমস্যায় পড়েছিলেন ঝুলন। তিনি বলেন, ‘ওকে যখন বাংলার সিনিয়র দলে খেলাতে চাই, অনেকে বলেছিল, ওর বয়স কম। কিন্তু সিএবি ও কর্তারা পাশে ছিল। সকলে বুঝে গিয়েছে, আমার সিদ্ধান্ত ঠিক ছিল। তবে এখান থেকে রিচার নতুন লড়াই শুরু।’ 
রিচাকে সংবধনা জানিয়ে সৌরভ বলেন, ‘রিচা ছ’নম্বরে ব্যাট করতে নেমে যে কাজটা করে সেটা সবচেয়ে কঠিন। কারণ, বল কম পায়। রান করতে হয় অনেক বেশি। সেখানে ও রান করেছে। ওর স্ট্রাইক রেটটাই তফাৎ গড়ে দিয়েছে।’ তার পরেই নিজের ইচ্ছার কথা জানিয়েছেন সৌরভ। তিনি বলেন, ‘এক দিন যেন বলতে পারি ঝুলনের মতো রিচা ঘোষও ভারতের অধিনায়ক। সেই দিনটার অপেক্ষায় আছি।’ 
মুখ্যমন্ত্রীও রিচাকে এক দিন ভারতের অধিনায়ক হিসাবে দেখতে চান। তবে তিনি বেশি চাপ দিতে চান না ২২ বছরের ক্রিকেটারের ওপর। তিনি বলেন, ‘ওর কাছে অনেক প্রত্যাশা। কিন্তু ওর ওপর চাপ দেব না। যা করছে, সেটা ভালো ভাবে করুক। সব সময় তো একই পরিকল্পনায় সাফল্য আসে না। পরে হয়তো অন্য কোনও পরিকল্পনা করবে। অন্য ভাবে সফল হবে।’ যাকে নিয়ে এই অনুষ্ঠান সেই রিচা সংবর্ধনা পেয়ে উচ্ছ্বসিত। রিচা বলেন, ‘শিলিগুতে সংবর্ধনা পেয়েছি। এখানে পেলাম। দারুণ লাগছে।’ চাপ নিয়ে ব্যাট করা প্রসঙ্গে তিনি বলেন, ‘চাপ নিয়েই আমি ব্যাট করতে ভালোবাসি। সিনেমা দেখি চাপ কাটানোর জন্য।’ বিশ্বকাপ জয়ের পরে ড্রেসিংরুমে হইহুল্লোর করে পাটি করেছেন, তা জানাতে ভোলেননি সংবর্ধনা অনুষ্ঠানে।

     

বিজ্ঞাপন

Goto Top