• +91 6291642485
  • 6291642485
Banner

খেলার বিভাগ > ক্রিকেট

পাঁচ দিনে খেলা গড়াক, চান পিচ প্রস্তুতকারক রবিনসন

২০ জুন থেকে শুরু হয়ে যাবে ভারত-ইংল্যান্ড মহারণ।

আর মাত্র একদিনের অপেক্ষা। ২০ জুন থেকে শুরু হয়ে যাবে ভারত-ইংল্যান্ড মহারণ। হেডিংলেতে সিরিজের প্রথম টেস্ট। তবে এই মুহূর্তে চর্চায় সেখানকার উইকেট। এবার হেডিংলের উইকেট নিয়ে মুখ খুললেন সেখানকার পিচ প্রস্তুতকারক রিচার্ড রবিনসন।
এক সাক্ষাৎকারে রবিনসন জানিয়েছেন, তিনি এমন পিচ বানিয়েছেন যাতে খেলা পাঁচ দিন চলে। তিন দিনে শেষ হয়ে যাবে, এমন পিচ বানাতে চাননি তিনি। রবিনসন বলেন, ‘টেস্টের সময় ভালো গরম থাকবে। তাই উইকেটে আর্দ্রতা আছে। খেলা যত গড়াবে তত আর্দ্রতা কমবে।’ খেলা শুরুর তিন-চার দিন আগে হেডিংলেতে সবুজ পিচ দেখা যাচ্ছে। কিন্তু রবিনসন জানিয়েছেন, এত ঘাস থাকবে না। তা ছেঁটে ফেলা হবে। তিনি বলেন, ‘ঘাস ছেঁটে ফেলব। এখন তাপমাত্রা বেশি থাকায় পিচে জল বেশি দেওয়া হচ্ছে। তাই ঘাস রাখা হয়েছে। এতে পিচ ভাঙবে না। খেলার সময় এত ঘাস থাকবে না। আমি চাই তিন দিন নয়, পাঁচ দিন ধরে ম্যাচ হোক।’
রবিনসন জানিয়েছেন, খেলা যত গড়াবে তত পিচ পাটা হবে। ফলে প্রথম ইনিংসের তুলনায় দ্বিতীয় ও তৃতীয় ইনিংসে ব্যাট করা সহজ হবে। চতুর্থ ইনিংসে আবার স্পিন ভালো হবে। রবিনসন বলেন, ‘আশা করছি ব্যাট ও বলের মধ্যে ভালো লড়াই দেখব। শুরুতে বোলাররা সুবিধা পাবে। খেলা যত গড়াবে তত পিচ পাটা হবে। প্রথম ইনিংসে ৩০০ রান ভালো স্কোর। পরের দুটো ইনিংসে ব্যাট করা আরও সহজ হবে। আশা করছি চতুর্থ ও পঞ্চম দিন স্পিনাররাও সুবিধা পাবে।’ ইংল্যান্ডের পিচ ও আবহাওয়ার সঙ্গে নিজেদের মানিয়ে নিতে সিরিজ শুরুর ১৪ দিন আগে সেখানে পৌঁছেছে ভারতীয় দল। সেখানে ১০ দিনের একটা শিবির করেছে তারা। নিজেদের মধ্যে প্রস্তুতি ম্যাচও খেলেছে। আগে থেকে পুরো তৈরি হয়ে তারপর সিরিজ খেলতে নামতে চাইছে ভারত।
রোহিত শর্মা ও বিরাট কোহলিকে ছাড়া এটাই প্রথম সফর ভারতীয় দলের। নতুন টেস্ট অধিনায়ক শুভমন গিলের সামনে বড়ো চ্যালেঞ্জ। এই সিরিজে সফল হলে তাঁকেই হয়তো ভারতের অধিনায়ক হিসাবে দেখা যাবে ভবিষ্যতে। কোচ হিসাবে গৌতম গম্ভীরও এই প্রথম সে দেশে গিয়েছেন। ফলে বলা যেতে পারে, তরুণ ভারতীয় দল নামবে ইংল্যান্ডের বিরুদ্ধে। এখন দেখার শুরুটা কেমন করেন শুভমনরা।

     

বিজ্ঞাপন

Goto Top