খেলার বিভাগ > ক্রিকেট
খেলা শুরুর প্রায় ঘণ্টা খানেক পরে আসেন তিনি।
ম্যাঞ্চেস্টার: প্রথম ইনিংসে ভাঙা পায়ে ব্যাট করতে নেমে অর্ধশতরান করেছিলেন ঋষভ পন্থ। দরকারে তিনি দ্বিতীয় ইনিংসেও ব্যাট করতে পারেন। রবিবার তাঁকে ক্রাচে ভর দিয়ে ওল্ড ট্র্যাফোর্ডে আসতে দেখা গিয়েছে। সেই ভিডিয়ো ছড়িয়ে পড়েছে সমাজমাধ্যমে। পন্থের দায়বদ্ধতা এবং লড়াকু মানসিকতার কুর্নিশ করেছেন সমর্থকরা।
রবিবার খেলা শুরুর আগে দলের সঙ্গে মাঠে আসেননি পন্থ। প্রায় ঘণ্টা খানেক পরে তাঁকে মাঠে আসতে দেখা যায়। দুই কাঁধের নীচে থাকা ক্রাচে ভর দিয়ে ধীরে ধীরে স্টেডিয়ামে ঢোকেন তিনি। ভারতীয় দলের সাপোর্ট স্টাফরা সেখানে হাজির ছিলেন। পন্থের মুখ দেখেই মনে হচ্ছিল প্রচণ্ড যন্ত্রণা হচ্ছে তাঁর। তবু দলের স্বার্থের তিনি ব্যাট করতে নামবেন এমনই ইঙ্গিত পাওয়া গিয়েছে।