খেলার বিভাগ > ক্রিকেট
ম্যাঞ্চেস্টারে দলে এলেন কম্বোজ
বুধবার শুরু হতে চলেছে ভারত-ইংল্যান্ড চতুর্থ টেস্ট। ম্যাঞ্চেস্টারে এই ম্যাচ শুরুর ঠিক আগে বড়ো ধাক্কা খেল ভারত। সিরিজের বাকি দু’টি টেস্ট থেকে ছিটকে গেলেন অলরাউন্ডার নীতীশ কুমার রেড্ডি। গত দু’টি টেস্টে তিনি খেলেছিলেন। হাঁটুর চোটের কারণে ইংল্যান্ড সিরিজ থেকে ছিটকে গেলেন তিনি। শুধু নীতীশই নন, চোটের কারণে চতুর্থ টেস্টে নেই পেসার আর্শদীপ সিংও।
দলের সঙ্গে শনিবারই ম্যাঞ্চেস্টারে হাজির হতে দেখা গিয়েছিল নীতীশকে। তবে ম্যাঞ্চেস্টার ইউনাইটেডের অনুশীলন মাঠে গিয়ে যে ফোটোশুট হয়, সেখানে তাঁকে দেখা যায়নি। এমনকি ওল্ড ট্র্যাফোর্ডের ইন্ডোরে যে ঐচ্ছিক অনুশীলন হয় সেখানেও তিনি অংশ নেননি। পরে খবর নিয়ে জানা যায়, রবিবার জিম করতে গিয়ে হাঁটুতে চোট পান নীতীশ। স্ক্যানের পর দেখা যায়, লিগামেন্ট ক্ষতিগ্রস্ত হয়েছে তাঁর। নীতীশের জায়গায় কে দলে ঢুকবেন তা নিয়ে জল্পনা তৈরি হয়েছে। প্রথম টেস্টে পেস অলরাউন্ডার হিসাবে খেলেছিলেন শার্দূল ঠাকুর। তাঁকেই হয়তো আবার ফেরানো হতে পারে।
লিডসে প্রথম টেস্টে খেলেননি নীতীশ। তবে দলের ব্যাটিং গভীরতা বাড়াতে এজবাস্টন টেস্টে প্রথম একাদশে নেওয়া হয় তাঁকে। দুই ইনিংস মিলিয়ে মাত্র দু’রান করেন তিনি। বল হাতেও উইকেট পাননি। লর্ডসে তৃতীয় টেস্টে দুই ইনিংস মিলিয়ে ৪৩ রান করেন এবং তিনটি উইকেট নেন। জসপ্রীত বুমরা, আকাশ দীপ এবং মহম্মদ সিরাজের পর ভারতের চতুর্থ পেসার হিসাবে দায়িত্ব সামলাচ্ছিলেন তিনি। ফলে নীতীশ ছিটকে যাওয়ায় নিঃসন্দেহে গৌতম গম্ভীর-শুভমন গিলদের কপালে চিন্তার ভাঁজ পড়বে।
চতুর্থ টেস্টের আগে এমনিতেই চোট-আঘাতে জর্জরিত ভারতীয় দল। ঋষভ পন্থ, আর্শদীপ সিংয়ের পর চোট পান আকাশ দীপও। ম্যাঞ্চেস্টারে চতুর্থ টেস্টে বাংলার পেসারকে পাওয়া যাবে কি না, তা নিয়ে সংশয় রয়েছে। বাধ্য হয়ে বোলিং আক্রমণে বদল করতে হচ্ছে গম্ভীরদের। জানা গিয়েছে, জসপ্রীত বুমরা ও আকাশ দীপকে একসঙ্গে খেলানো যাবে না। সূত্রের খবর, আকাশ দীপের পিঠের ব্যথা আবার শুরু হয়েছে। লর্ডসে শেষ স্পেলে তাঁকে দেখে বোঝা যাচ্ছিল, কিছু একটা সমস্যা হচ্ছে। পুরো দম লাগিয়ে বল করতে পারছিলেন না বাংলার পেসার। বল করার পর মাঠ ছেড়ে সাজঘরে যান তিনি। সঙ্গে ছিলেন দলের ফিজিয়ো। পিঠে হাত দিয়েছিলেন আকাশ। ফলে সেখানেই যে সমস্যা হচ্ছে তা বোঝা যাচ্ছিল।
আকাশ দীপের এই পিঠের সমস্যা নতুন নয়। গত অস্ট্রেলিয়া সফরে এই পিঠের ব্যথার জন্যই মাঝপথে ছিটকে গিয়েছিলেন তিনি। প্রায় তিন মাস মাঠের বাইরে থাকতে হয়েছিল। আইপিএলের শুরুতেও খেলতে পারেননি আকাশ। সেই সমস্যা আবার হচ্ছে তাঁর। ফলে ম্যাঞ্চেস্টার আকাশ দীপের খেলা নিয়ে সংশয় রয়েছে। অনুশীলনেও বল করেননি তিনি। আর্শদীপ ও আকাশ দীপ চোট পাওয়ায় সিরিজের মাঝপথে হরিয়ানার পেসার অংশুল কম্বোজকে ডেকে পাঠানো হয়েছে। এই পরিস্থিতিতে বুমরা ও আকাশ দীপকে একসঙ্গে খেলাতে পারবে না ভারত। বোলিং আক্রমণে বদল করতে বাধ্য হচ্ছেন গম্ভীর। ‘টাইমস অফ ইন্ডিয়া’-কে বোর্ডের এক সূত্র বলেন, ‘বাকি দুই টেস্টে বুমরা ও আকাশ দীপ একসঙ্গে খেলবে না। আগেই ঠিক ছিল যে বুমরা তিনটে টেস্ট খেলবে। এবার আকাশও চোট পেয়েছে। ফলে দু’জনকে একসঙ্গে পাওয়া যাবে না। যদি বুমরা ম্যাঞ্চেস্টারে খেলে তাহলে আকাশ দীপ ওভালে ওর বদলে খেলবে।’