খেলার বিভাগ > ক্রিকেট
১৩ বছরের কেরিয়ার শেষ হল।
অস্ট্রেলিয়ার শেষবার একদিনের বিশ্বকাপ জয়ের নায়ক ছিলেন তিনি। এবার সেই একদিনের ক্রিকেটকেই বিদায় জানিয়ে দিলেন গ্লেন ম্যাক্সওয়েল। ৫০ ওভারের ক্রিকেটে তাঁর ১৩ বছরের কেরিয়ার শেষ হল। চ্যাম্পিয়ন্স ট্রফির পর অস্ট্রেলিয়ার স্টিভ স্মিথ ও মার্কাস স্টোইনিস একদিনের ক্রিকেট থেকে অবসর নিয়েছেন। সেই তালিকায় যুক্ত হলেন ম্যাক্সওয়েল। অস্ট্রেলিয়ার ২০১৫ ও ২০২৩ সালের একদিনের বিশ্বকাপজয়ী দলের সদস্য ছিলেন ম্যাড ম্যাক্স।
চলতি বছর চ্যাম্পিয়ন্স ট্রফি চলাকালীনই অবসরের ইঙ্গিত দিয়েছিলেন ম্যাক্সওয়েল। অস্ট্রেলিয়ার প্রধান নির্বাচক জর্জ বেইলিকে তিনি জানিয়েছিলেন, ২০২৭ সালের একদিনের বিশ্বকাপ পর্যন্ত খেলতে পারবেন না তিনি। ২০২২ সালে একটা দুর্ঘটনায় পা ভেঙেছিল ম্যাক্সওয়েলের। তার পর থেকে মাঝেমাঝে তাঁর পায়ে সমস্যা হয়েছে। সেই সমস্যার কথাই বেইলিকে জানিয়েছিলেন ম্যাক্সওয়েল। ২০১২ সালে অস্ট্রেলিয়ার একদিনের দলে অভিষেক হয়েছিল ম্যাক্সির। একদিনের ক্রিকেটে ১৪৯টি ম্যাচ খেলে করেছেন ৩৯৯০ রান। ৩৩.৮১ গড়ে চারটি শতরান ও ২৩টি অর্ধশতরান করেছেন তিনি। বল হাতে ৭৭টি উইকেটও নিয়েছেন এই অলরাউন্ডার।
ম্যাক্সওয়েল তাঁর কেরিয়ারের সবচেয়ে গুরুত্বপূর্ণ ইনিংস খেলেছিলেন ২০২৩ সালের একদিনের বিশ্বকাপে আফগানিস্তানের বিরুদ্ধে। একটা সময় মনে হচ্ছিল, আফগানিস্তানের কাছে হেরে বিশ্বকাপ থেকে বিদায় নেবে অস্ট্রেলিয়া। সেই পরিস্থিতি থেকে পায়ে ক্র্যাম্প নিয়েও অপরাজিত ২০১ রানের ইনিংস খেলেছিলেন তিনি। একার কাঁধে দলকে জিতিয়েছিলেন। পরে ফাইনালে ভারতকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছিল অস্ট্রেলিয়া। ফাইনালের জয়সূচক রানও এসেছিল ম্যাক্সওয়েলের ব্যাটেই।