• +91 6291642485
  • 6291642485
Banner

খেলার বিভাগ > ক্রিকেট

রোহিত-কোহলি সাজঘরে থাকলে সকলের আত্মবিশ্বাস বেড়ে যায়: রাহুল 

ওডিআই সিরিজে দক্ষিণ আফ্রিকার মুখোমুখি ভারত। 

আর কয়েক ঘণ্টা পরেই রাঁচিতে ওডিআই সিরিজের প্রথম ম্যাচে দক্ষিণ আফ্রিকার মুখোমুখি হচ্ছে ভারতীয় দল। ওডিআই সিরিজে ফিরছেন বিরাট কোহলি ও রোহিত শর্মা। তাই দল আগের থেকে অনেক শক্তিশালী। টেস্ট সিরিজে চুনকাম হওয়ার পরে ওডিআইতে নিজেদের সম্মান বাঁচাতে মরিয়া কেএল রাহুলরা। জয় ছাড়া আর কিছুই ভাবছে না তারা। 
গৌতম গম্ভীর ভারতীয় দলের কোচ থাকবেন কি না, এই প্রশ্নটা বাদ দিলে এক দিনের বিশ্বকাপের দলে রোহিত ও বিরাটের জায়গা হবে কিনা, এটিই এখন ভারতীয় ক্রিকেটে সবচেয়ে বড়ো প্রশ্ন। অজিত আগরকরের নির্বাচক কমিটি কী চাইছেন, তা সময়ই বলবে। কিন্তু ভারতীয় দল বুঝিয়ে দিল, এই দু’জনকে বিশ্বকাপের দলে অবশ্যই দরকার। বিরাট আর রোহিত থাকলে সাজঘরের আত্মবিশ্বাস অনেকটা বেড়ে যায়। এমনটাই জানালেন লোকেশ রাহুল। ভারতের জার্সিতে আর কত দিন রোহিত ও কোহলিকে দেখা যাবে, এই জল্পনার মাঝেই তাঁদের হয়ে ব্যাট ধরলেন রাহুল। তাঁদের অভিজ্ঞতার প্রশংসা শোনা গেল শুভমন গিলের বদলে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে এক দিনের সিরিজে দায়িত্ব পাওয়া অধিনায়কের গলায়। প্রায় ন’মাস পর আবার দেশের মাটিতে সাদা বলের ক্রিকেট খেলবেন রোহিত ও কোহলি। শেষবার ফেব্রুয়ারি মাসে ইংল্যান্ডের বিরুদ্ধে এক দিনের সিরিজ খেলেছিলেন তাঁরা। রাঁচিতে চার দিন আগে থেকেই অনুশীলন শুরু করে দিয়েছেন তাঁরা। ম্যাচের আগের দিন সাংবাদিক বৈঠকে রাহুল বলেন, ‘রোহিত ও কোহলির গুরুত্ব আমাদের দলে খুব বেশি। ওদের মতো সিনিয়র ক্রিকেটার সাজঘরে থাকলে সকলের আত্মবিশ্বাস অনেকটা বেড়ে যায়। ওদের অভিজ্ঞতা দলের সকলকে অনেক সাহায্য করে। তাই ওদের পেয়ে আমি খুব খুশি।’ 
কয়েক দিন আগে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টেস্ট সিরিজে চুনকাম হয়েছে ভারত। আপাতত এক দিনের সিরিজ জিততে চাইছেন রাহুল। তিনি বলেন, ‘জেতাটাই আসল। সেই দিকেই লক্ষ্য রাখব। এক সপ্তাহ আগে কী হয়েছে সেটা ভুলে রবিবার ম্যাচটা জেতার চেষ্টা করব। একটা দল হিসাবে খেলব। পরের ম্যাচগুলোতেও একই চেষ্টা করব। সিরিজ জিততে চাই।’  এক দিনের সিরিজে শুভমন নেই। তাই হয়তো প্রথম এক দিনের ম্যাচে ভারতীয় দলে ঋষভ পন্থকে দেখা যেতে পারে। তেমনটা হলে রাহুলের পাশাপাশি আরও এক উইকেটরক্ষককে প্রথম একাদশে দেখা যাবে। রাহুল তেমনটা বলছেন না। তাঁর মতে, পন্থ বিশেষজ্ঞ ব্যাটার হিসাবেও খেলার যোগ্য। রাহুল বলেন, ‘পন্থ চোটের কারণে অনেক ম্যাচ খেলতে পারেনি। কিন্তু দলে ওর গুরুত্ব কতটা সেটা সকলেই জানে। কে খেলবে সেটা ম্যাচে দেখতে পাবেন। তবে পন্থ বিশেষজ্ঞ ব্যাটার হিসাবেও খেলার যোগ্য। ও যদি ম্যাচে খেলে, তা হলে ওই উইকেটকিপিং করবে। আমি ফিল্ডিং করব।’ 

 

     

বিজ্ঞাপন

Goto Top