• +91 6291642485
  • 6291642485
Banner

খেলার বিভাগ > ক্রিকেট

শতরান ক্লাসেনের, লজ্জার হারে যাত্রা শেষ কেকেআরের

১১০ রানের বিশাল স্কোরে হার।

ইতিমধ্যেই প্লে-অফ থেকে ছিটকে গিয়েছিল দল। তাই শেষ ম্যাচে কেকেআরের আলাদা কোনও তাগিদ ছিল না। তবে ম্যাচের আগের দিন বেঙ্কটেশ আয়াররা বলেছিলেন, শেষ ম্যাচ জিতে আইপিএল শেষ করতে চান। কিন্তু দলের বোলিংয়ে সেই ধার দেখা যায়নি দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে। রীতিমতো ছন্নছাড়া বোলিং। তাতেই রেকর্ড রান তুলল হায়দরাবাদ।
টসে জিতে শুরুতে ব্যাটিং নেয় সানরাইজার্স হায়দরাবাদ। আইপিএলে সেভাবে জ্বলে উঠতে দেখা যায়নি অজি ওপেনার ট্রাভিস হেডকে। নাইটদের বিরুদ্ধে বিধ্বংসী ব্যাটিং করলেন তিনি। মাত্র ৪০ বলে ৭৬ রান করেন হেড। ৬টি চার ও ৬টি ছক্কা মারেন তিনি।  হেড আউট হওয়ার পরে মনে হয়েছিল ম্যাচে ফিরবে নাইটরা। কিন্তু ততক্ষণে ম্যাচে জাঁকিয়ে বসেছে সানরা। হেডের থেকেও আরও ভয়ঙ্কর মেজাজে ধরা দেন হেনরিক ক্লাসেন। মাত্র ৩৭ বলে ১০০ রান করেন তিনি। শেষ পর্যন্ত  ৩৯ বলে অপরাজিত ১০৫ রান করেন ক্লাসেন। মারেন ৯ ছক্কা। ক্লাসেনকে যোগ্য সঙ্গত দেন ঈশান কিসান। ২০ বলে ২৯ রান করেন তিনি। নির্ধারিত ২০ ওভারে ৩ উইকেটে ২৭৮ রান করে হায়দরাবাদ। 
এদিন পুরোপুরি ব্যর্থ কেকেআরের বোলাররা। শেষ ম্যাচে নিজেদের মেলে ধরতে পারলেন না। সুনীল নারিন শুধুমাত্র ২ টি উইকেট পেয়েছেন। বাকিরা কোনও উইকেটই পেলেন না। অথচ এদিন ছয় বোলারকে ব্যবহার করেন অধিনায়ক অজিঙ্কা রাহানে। তাতেও হেড-ক্লাসেনকে রুখতে পারেনি কেকেআরের বোলাররা।
জবাবে কেকেআর ব্যাটিং দেখে মনে হয়নি, তাদের জয়ের কোনও খিদে রয়েছে। সুনীল নারিন (১৬ বলে ৩১) ভালো ব্যাটিং করলেও, কুইন্টন ডি কক (১৩ বলে ৯), অঙ্গকৃশ রঘুবংশী (১৮ বলে ১৪)-রা বেশ মন্থর খেলেন। মণীশ পান্ডে (২৩ বলে ৩৭) এবং হর্ষিত রানা (২১ বলে ৩৪) ভালো রান করেন। শেষ পর্যন্ত ১৮.৪ ওভারে ১৬৮ রানে অলআউট হয়ে যায় নাইটরা। ১১০ রানের বিশাল স্কোরে হেরে পয়েন্ট তালিকায় আট নম্বরে শেষ করে কেকেআর।

     

বিজ্ঞাপন

Goto Top