খেলার বিভাগ > ক্রিকেট
আইপিএলের ফাইনালের আগে হবে সমাপ্তি অনুষ্ঠান।
পহেলগাম হামলার জবাবে ভারতীয় সেনার ‘অপারেশন সিঁদুর’-এর জন্য সেনাবাহিনীকে সম্মান জানাবে ক্রিকেট বোর্ড। আগামী ৩ জুন আমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে আইপিএলের ফাইনালের আগে হবে সমাপ্তি অনুষ্ঠান। সেখানেই ভারতীয় সেনাকে সম্মান জানানো হবে। উপস্থিত থাকবেন তিন বাহিনীর প্রধান।
ভারতীয় ক্রিকেট বোর্ডের সচিব দেবজিৎ শাইকিয়া এই কথা জানিয়েছেন। তিনি বলেন, ‘দেশকে রক্ষা করার জন্য আমাদের সেনাবাহিনী অপারেশন সিঁদুর-এর মাধ্যমে যে সাহসিকতা ও আত্মত্যাগ দেখিয়েছে তাকে ভারতীয় ক্রিকেট বোর্ড কুর্নিশ করে। তাই আমরা ঠিক করেছি আইপিএলের সমাপ্তি অনুষ্ঠানে ভারতীয় সেনাকে সম্মান জানাব।’
শাইকিয়া আরও জানিয়েছেন, ফাইনালে তিন বাহিনীর প্রধান ছাড়াও ভারতীয় সেনার অনেক আধিকারিক উপস্থিত থাকবেন। পুরো অনুষ্ঠান সেনাকে মাথায় রেখে সাজানো হয়েছে। তিনি বলেন, ‘ক্রিকেটের প্রতি ভারতীয়দের আবেগ খুব বেশি। কিন্তু যখন দেশের সার্বভৌমত্ব, ঐক্য ও সুরক্ষার প্রসঙ্গ আসে তখন তার থেকে বড়ো কিছু হতে পারে না।’ তবে ফাইনালের অনুষ্ঠানে বিনোদন জগতের কোনও তারকাকে দেখা যাবে কিনা সেই বিষয়ে কিছু জানাননি বোর্ড সচিব।
গত ২২ এপ্রিল কাশ্মীরের পহেলগামে পর্যটকদের ওপর জঙ্গি হামলা হয়। জঙ্গিদের হাতে অন্তত ২৬ পর্যটকের মৃত্যু হয়। সেই হামলার জবাব ভারতীয় সেনা ‘অপারেশন সিঁদুর’ চালায়। পাকিস্তান ও পাকিস্তান অধিকৃত কাশ্মীরে জঙ্গি ঘাঁটি লক্ষ্য করে হামলা করা হয়। তারপর কয়েক দিন সীমান্ত উত্তপ্ত ছিল। পাকিস্তানও ভারতের পালটা ড্রোন হামলা করে। এই উত্তাপের মাঝে বন্ধ করে দেওয়া হয় আইপিএল।
এক সপ্তাহ বন্ধ থাকার পর তা আবার শুরু হয়েছে। এক সপ্তাহ বন্ধ থাকায় পিছিয়ে গিয়েছে আইপিএলের ফাইনাল। প্রথমে ঠিক ছিল, কলকাতার ইডেন গার্ডেন্সে ফাইনাল হবে। পরে তা সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে আমেদাবাদে। নতুন করে আইপিএল শুরু হওয়ার পর প্রত্যেকটা ম্যাচ শুরু হওয়ার আগে জাতীয় সঙ্গীত গাওয়া হচ্ছে মাঠে। প্রতিটা মাঠে সেনাবাহিনীকে ধন্যবাদ জানানো হচ্ছে। ফাইনালেও সেই ছবিই দেখা যাবে।