খেলার বিভাগ > ক্রিকেট
৫ উইকেটে জয় ছিনিয়ে নিল ভারত।
অস্ট্রেলিয়াকে এর আগে কখনও নিজেদের দেশের মাটিতে হারাতে পারেনি ভারত। এবারের বিশ্বকাপের গ্রুপ পর্বেও হারতে হয়েছে তাদের। কিন্তু সেমিফাইনালে অজিদের প্রথমবার দেশের মাটিতে হারিয়ে শুধু ইতিহাস নয়, একেবারে ফাইনালে উঠে গেল ভারতের মহিলা দল। ৩৩৯ রানের বিশাল স্কোর তাড়া করে ৯ বল বাকি থাকতে ৫ উইকেটে জয় ছিনিয়ে নিল ভারত।
সাতবারের বিশ্বচ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া। এহেন দলকে শুরুতেই ঝটকা দিলেন ক্রান্তি গৌড়। তিনি ৫ রানে ফেরালেন অজি অধিনায়ক অ্যালিসা হিলিকে। কিন্তু এরপর যেভাবে সংহারক রূপ ধারণ করলেন ফোবি লিচফিল্ড এবং এলিসি পেরি, তাতে অজি দলের বড়ো রান করা ছিল স্রেফ সময়ের অপেক্ষা। লিচফিল্ড করলেন ৯৩ বলে ১১৯। তাঁকে অমনজ্যোত কৌর ফেরানোর সঙ্গে সঙ্গে দ্বিতীয় উইকেটে ১৫৫ রানের জুটি ভাঙল। পেরি আউট হলেন ৭৭ রানে। রাধা যাদবের বলে বোল্ড হলেন তিনি। তবে এই অস্ট্রেলিয়াই ৩২ ওভারে ২০০ পার করেছিল। কিন্তু এরপর ধীরে ধীরে ম্যাচে ফেরত আসে ভারত। শ্রী চরণী ভারতকে ম্যাচে ফেরান। বেথ মুনি, অ্যানাবেল সাদারল্যান্ডকে সাজঘরে পাঠান এই স্পিনার। কিন্তু ৬ উইকেট পড়ে যাওয়ার পর অ্যাশলি গার্ডনার ও কিম গারথ অসাধারণ খেলেন। ৪৬ ওভারে অস্ট্রেলিয়া ৩০০ পেরোয় এই দুই ব্যাটারের সৌজন্যে। দুই ব্যাটারের, বিশেষ করে গার্ডনারের ধোলাইয়ে অস্ট্রেলিয়া সাড়ে তিনশোর কাছাকাছি পৌঁছে গেল। ৬৩ রান করে রান আউট হলেন তিনি। ভারতের হয়ে শ্রী চরণী নিলেন ২টি উইকেট। ক্রান্তি গৌড়, রাধা যাদব এবং আমনজ্যোত ভাগ করে নিলেন এক উইকেট। শেষ ওভারে দু’টি উইকেট শিকার দীপ্তি শর্মার। বাকি তিনটি রান আউট।
জবাবে স্মৃতি ও শেফালি বর্মা বড়ো রান না পেলেও, ভারতকে টানেন জেমাইমা রড্রিগেজ ও হরমনপ্রীত কৌর। হরমন ৮৯ রানে আউট হন। জেমাইমা অপরাজিত থাকেন ১২৭ রানে। দীপ্তি শর্মা এবং রিচা ঘোষের ক্যামিও ইনিংসেরও অবশ্য প্রশংসা করতে হবে। শেষে আমনজ্যোৎকে সঙ্গী করে দেশেকে ফাইনালে তুলে মাঠ ছাড়েন জেমাইমা। রবিবার তাদের সামনে দক্ষিণ আফ্রিকা।