• +91 6291642485
  • 6291642485
Banner

খেলার বিভাগ > ক্রিকেট

রানের পাহাড়ের লক্ষ্যে ভারত

দ্বিশতরানের পথে যশস্বী, শতরান হাতছাড়া সাইয়ের

দ্বিতীয় টেস্টেও সেই একই ছবি। দেখা গেল ভারতীয় ব্যাটারদের দাপট। আমেদাবাদের পর দিল্লির মাঠেও দাপট দেখালেন ভারতীয় ব্যাটাররা। যশস্বী জয়সওয়াল করলেন অপরাজিত ১৭৩ রান। শতরান হাতছাড়া হল সাই সুদর্শনের। সারা দিনে মাত্র ২ উইকেট তুলতে পারলেন ওয়েস্ট ইন্ডিজের বোলাররা। প্রথম দিনের শেষে ভারতের রান ২ উইকেটে ৩১৮। ক্রিজে যশস্বীর সঙ্গে রয়েছেন অধিনায়ক শুভমন গিল। 
শুক্রবার ম্যাচের প্রথম দিন প্রথম সেশনে আউট হয়ে গিয়েছিলেন কেএল রাহুল। ৩৮ রান করেন তিনি। এরপর যশস্বীর সঙ্গে জুটি বাঁধেন সাই সুদর্শন। লাল বলের ক্রিকেটে এখনও সাই সুদর্শন নিজের জায়গা পাকা করতে পারেননি। তাই এই ইনিংস তাঁর কাছে গুরুত্বপূর্ণ ছিল। সেটা করেও দেখালেন তিনি। সাবলীল ব্যাট করলেন। যশস্বীও নিজের ছন্দে খেলছিলেন। অর্ধশতরানের পর হাত খোলা শুরু করলেন ভারতের বাঁহাতি ওপেনার। কিন্তু হাওয়ায় শট খেলার চেষ্টা করেননি। চার মারার দিকে বেশি নজর দেন তিনি।
মধ্যাহ্নভোজের বিরতির পর রান তোলার গতি বাড়ায় ভারত। বল কিছুটা পুরনো হয়ে যাওয়ায় বিশেষ কিছু হচ্ছিল না। ১৪৮ বলে নিজের শতরান পূর্ণ করেন যশস্বী। টেস্টে এটি তাঁর সপ্তম শতরান। ১৬টি চার দিয়ে সাজানো ছিল তাঁর ইনিংস।   ধীরে ধীরে শতরানের দিকে এগোচ্ছিলেন সুদর্শনও। কিন্তু ৮৭ রানের মাথায় সেই ওয়ারিকানের ভিতরে ঢুকে আসা বলে এলবিডব্লিউ হলেন তিনি। ১৩ রানের জন্য টেস্টে প্রথম শতরান হাতছাড়া হল তাঁর। যশস্বীকে থামানো যায়নি। আরও একটি শতরানকে বড়ো রানে নিয়ে গেলেন তিনি। টেস্টে তাঁর সাতটি শতরানের মধ্যে পাঁচটিই ১৫০-র বেশি। দ্বিতীয় দিন দ্বিশতরানেরও সুযোগ রয়েছে ভারতীয় ওপেনারের। তুলনায় শুভমন ধীরে খেললেন। নইলে প্রথম দিন আরও রান করতে পারত ভারত। প্রথম দিনের খেলা শেষে ভারতের রান ২ উইকেটে ৩১৮। যশস্বী ২৫৩ বলে ১৭৩ ও শুভমন ৬৮ বলে ২০ রানে অপরাজিত রয়েছেন। এদিকে, টস হওয়ার পর প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত জানিয়ে যখন দলের কাছে ফেরেন শুভমন গিল, তখন হঠাৎ দেখা গেল তাঁকে জড়িয়ে ধরলেন কোচ গৌতম গম্ভীর। হাত মেলালেন রবীন্দ্র জাদেজা, জসপ্রীত বুমরা, অক্ষর প্যাটেলরাও। পরে জানা যায়, এই উল্লাসের কারণ শুভমনের টস জয়। ভারতের টেস্ট অধিনায়ক হওয়ার পর এটি তাঁর সাত নম্বর টেস্ট। আগের ছ’টি টেস্টে টস হেরেছিলেন শুভমন। সপ্তম টেস্টে প্রথমবার টস জিতেছেন। সেই কারণেই দলের প্রত্যেকে তাঁকে শুভেচ্ছা জানিয়েছেন।

     

বিজ্ঞাপন

Goto Top