• +91 6291642485
  • 6291642485
Banner

খেলার বিভাগ > ক্রিকেট

এশিয়া কাপে আমিরশাহির মুখোমুখি ভারত

জিততে আত্মবিশ্বাসী টিম ইন্ডিয়া। 

কয়েক ঘণ্টা পরেই এশিয়া কাপে নিজেদের প্রথম ম্যাচে আমিরশাহির মুখোমুখি হচ্ছে ভারতীয় দল। কোন একাদশ নিয়ে টিম ইন্ডিয়া নামবে, সেটা নিয়ে চর্চা শুরু হয়েছে। তার মধ্যে সবচেয়ে বড়ো কৌতূহল সঞ্জু স্যামসন কি সুযোগ পাবেন? নাকি জিতেশ শর্মাতে ভরসা রাখবেন গৌতম গম্ভীর? স্বাভাবিকভাবেই সূর্যকুমারকে উদ্দেশ্য করে প্রশ্নটা ধেয়ে এল। সেখানে কিন্তু ভারসাম্য বজায় রেখে উত্তর দিলেন ভারতের টি-টোয়েন্টি অধিনায়ক।
সঞ্জুকে নিয়ে সূর্য বলেন, ‘আমরা সব দিক দিয়ে সঞ্জুর খেয়াল রাখছি। চিন্তা করবেন না। আমরা ম্যাচের দিন সঠিক সিদ্ধান্তই নেব।’ অর্থাৎ, কোনও স্পষ্ট উত্তর নেই। সঞ্জু সুযোগ পাবেন কি না, পাবেন না তা নির্ভর করবে সূর্যর সঠিক সিদ্ধান্ত’র ওপর। নাকি সূর্য নন, শুধুই গম্ভীরের সিদ্ধান্তের ওপর? সঞ্জু না খেললে সুযোগ পাবেন জিতেশ। ভারত অধিনায়ক কিন্তু তাঁর প্রশংসাও করেছেন। সূর্য বলছেন, ‘আমরা ওকে বলেছি, সামনে কী আছে, তা নিয়ে না ভাবতে। নিজের রাস্তা অনুসরণ করো। এখন ও সম্পূর্ণ অন্য ধাঁচের প্লেয়ার হয়েছে। যেভাবে ও আইপিএলে পারফর্ম করেছে, ঘরোয়া ক্রিকেটে খেলেছে। সব জায়গায় জিতেশ ভালো খেলেছে। তাই ও নিজের জায়গা অর্জন করেছে।’ অর্থাৎ জিতেশকে খেলানোর সম্ভাবনাও সূর্য অস্বীকার করছেন না। এশিয়া কাপের দল ঘোষণার পর থেকেই সঞ্জুকে নিয়ে আশঙ্কা তৈরি হয়। টি-টোয়েন্টিতে নিজের জায়গা পাকা করতে যথেষ্ট কাঠখড় পোড়াতে হয়েছে সঞ্জুকে। শেষ ১০টি ইনিংসের মধ্যে তিনটি সেঞ্চুরি করেছেন সঞ্জু। সম্প্রতি কেরালা ক্রিকেট লিগে ৫ ইনিংসে ৩৬৮ রান করেছেন তিনি। তারপরও কি দলে জায়গা হাতছাড়া হয়েছে শুভমন গিল দলে ঢুকে পড়ায়? ওপেনিংয়ে তাঁর জায়গা নিয়ে সংশয় আগেই তৈরি হয়েছে। অনেকেরই ধারণা, অভিষেক শর্মার সঙ্গে হয়তো ওপেন করবেন শুভমন গিল। আর জিতেশ আসবেন লোয়ার অর্ডারে। অনুশীলনের ছবি দেখেও কিন্তু সেটাই মনে হচ্ছে।
সঞ্জুর খেলার সম্ভাবনা ক্রমশ কমছে। টি-টোয়েন্টিতে তিনটি শতরান করা উইকেটকিপারকে বাদ দিয়েই দল সাজানোর ভাবনাচিন্তা করছেন গম্ভীর। উইকেটরক্ষক হিসাবে খেলার দৌড়ে এগিয়ে জিতেশ। অনুশীলনে শুরুতে একা একাই উইকেটকিপিংয়ের অনুশীলন করেন সঞ্জু। অত্যন্ত মনোযোগী দেখাচ্ছিল তাঁকে। ডান দিকে ঝাঁপিয়ে একটি ক্যাচ নেওয়ার জন্য সতীর্থদের প্রশংসাও পান। এর পরেই কোচ গৌতম গম্ভীর সঞ্জুর দিকে এগিয়ে যান। প্রায় তিন মিনিট দু’জনের কথা হয়। উইকেটকিপিং নয়, সঞ্জুর ব্যাটিং নিয়েই কথা হয়েছে বলে বোঝা গিয়েছে। শরীরীভাষা দেখে যদি কিছু বোঝা যায়, তা হলে জিতেশই প্রথম একাদশে সুযোগ পাচ্ছেন। ক্লাব হাউস থেকে বেরিয়ে শিবম দুবে, তিলক বর্মা এবং হার্দিক পান্ডিয়ার সঙ্গে তিনি নেটে অনেকক্ষণ ব্যাট করে। সেই সময় ব্যাট করার জন্য তৈরি ছিলেন সঞ্জুও। কিছুক্ষণ অপেক্ষা করার পর তিনি নেটের পাশ থেকে চলে যান। ক্লাব হাউসের পাশে একটি পাম গাছের নীচে গিয়ে বসে পড়েন।

     

বিজ্ঞাপন

Goto Top