খেলার বিভাগ > ক্রিকেট
ম্যাঞ্চেস্টারে লড়ছে টিম ইন্ডিয়া
তৃতীয় টেস্টের প্রথম একাদশে তিনটি পরিবর্তন করে ম্যাঞ্চেস্টার টেস্টের দল সাজিয়েছে ভারত। অভিষেক হয়েছে অংশুল কম্বোজের। এছাড়া প্রথম একাদশে ফিরেছেন শার্দূল ঠাকুর এবং সাই সুদর্শন।
এদিন ফের টসে হারেন শুভমন গিল। টিম ইন্ডিয়ার দায়িত্ব নেওয়ার পর এখনও পর্যন্ত টসে জয়ের মুখ দেখলেন না শুভমন। এই নিয়ে চার টেস্টেই টসে হারলেন তিনি। টসে জিতে ভারতকে ব্যাট করতে পাঠান বেন স্টোকস।
শুরুটা দুর্দান্ত করেন দুই ওপেনার যশস্বী জয়সওয়াল এবং কেএল রাহুল। মধ্যাহ্নভোজের বিরতি পর্যন্ত দু’জন অপরাজিত থেকে মাঠ ছাড়েন। কিন্তু বিরতির পরই ভাঙন ধরে ভারতীয় ব্যাটিংয়ে। প্রথম সেশন যদি ভারতের হয়, তাহলে দ্বিতীয়টি নিঃসন্দেহে ইংল্যান্ডের। চা পানের বিরতির মধ্যে তিন উইকেট তুলে নেয় ইংল্যান্ড। যার মধ্যে রয়েছেন দুই ওপেনার-সহ অধিনায়ক শুভমনও। তবে প্যাভিলিয়নে ফেরার আগে অর্ধশতরান হাঁকিয়ে যান জয়সওয়াল। ১০৭ বলে ৫৮ রান করেন তিনি। তার আগেই অবশ্য সাজঘরে ফেরেন রাহুল। অল্পের জন্য হাফসেঞ্চুরি হাতছাড়া হয় তাঁর। ৯৮ বলে ৪৬ রান করে আউট হন তিনি।
শুভমন বেশ ভালোই খেলছিলেন। কিন্তু ক্রিজে সেট হওয়ার আগেই তাঁকে ফেরান স্টোকস। লেগবিফোর হয়ে ফেরেন ভারত অধিনায়ক। অবদান মাত্র ১২ রান। ৩ উইকেটে ১৪৯ রান নিয়ে চা পানের বিরতিতে যায় ভারত। ক্রিজে ছিলেন সাই সুদর্শন এবং ঋষভ পন্থ।
চোটের জন্য ম্যাঞ্চেস্টারে খেলতে পারছেন না আকাশ দীপ এবং নীতীশ কুমার রেড্ডি। তাঁদের পরিবর্তে দু’জন এসেছেন প্রথম একাদশে। পারফরম্যান্সের জন্য বাদ পড়েছেন করুণ নায়ারও। আকাশ দীপের পরিবর্তে প্রথম একাদশে এসেছেন অংশুল। এই প্রথম টেস্ট খেলছেন তিনি। সিরিজ থেকে ছিটকে যাওয়া নীতীশের জায়গায় খেলছেন শার্দূল। আর করুণের জায়গায় প্রথম একাদশে এসেছেন সাই সুদর্শন। ফলে ইংল্যান্ডের বিরুদ্ধে চতুর্থ টেস্টেও জায়গা হল না বাংলার প্রাক্তন অধিনায়ক অভিমন্যু ঈশ্বরণের।
তবে ম্যাঞ্চেস্টার টেস্টের প্রথম দিনে নজির গড়লেন যশস্বী। ব্যক্তিগত মাইলস্টোন পার করেছেন রাহুলও। ৫১ বছর পর ম্যাঞ্চেস্টারে প্রথমবার হাফসেঞ্চুরি এল কোনও ভারতীয় ওপেনারের ব্যাট থেকে। এদিকে, চেতেশ্বর পূজারাকে টপকে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে ভারতের হয়ে সবচেয়ে বেশি রান সংগ্রাহকের তালিকায় সপ্তম স্থানে উঠে এলেন রাহুল। এই তালিকায় সবার উপরে রয়েছেন রোহিত শর্মা।
সুদর্শন আর পন্থ দলকে টেনে নিয়ে যাচ্ছিলেন। কিন্তু রিভার্স সুইপ মারতে গিয়ে চোট পেয়ে মাঠ ছাড়েন পন্থ। সুদর্শনও ৬১ রান করে সাজঘরে ফেরেন। বাকি সময়টা অবশ্য জাদেজা ও ঠাকুর খেলে দেন। দু’জনেই দিনের শেষে ১৯ রানে অপরাজিত। ভারতের স্কোর ৪ উইকেটে ২৬৪। দ্বিতীয় দিন ভারতের সবথেকে বড়ো চিন্তা পন্থের চোট। তিনি খেললে ভারত যে আবার রানের পাহাড় গড়তে চলেছে, তা অনুমান করাই যায়। তবে আশা করা যাচ্ছে পন্থ সুস্থ হয়ে দ্বিতীয় দিন ব্যাটিং করতে নামবেন।