খেলার বিভাগ > ক্রিকেট
নেই গিল, টেস্ট অধিনায়ক হিসাবে অভিষেক হচ্ছে পন্থের
গুয়াহাটিতে দ্বিতীয় টেস্টে দক্ষিণ আফ্রিকার মুখোমুখি হওয়ায় আগে স্বস্তিতে ভারতীয় দল। কারণ বরষাপাড়ার উইকেট। ভারতীয় দল বুঝে গিয়েছে, এই উইকেট আর যাই হোক, ইডেনের পিচ নয়। শুভমন গিলের জায়গায় দ্বিতীয় টেস্টে যিনি অধিনায়কত্ব করবেন, সেই ঋষভ পন্থ গুয়াহাটির ২২ গজ দেখে খুশি। তবে অখুশি মাত্র একটি টেস্টে নেতৃত্ব দেওয়া সুযোগ পেয়ে।
ভারতীয় দল থেকে ছেড়ে দেওয়া হয়েছে শুভমন গিলকে। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে দ্বিতীয় টেস্ট শুরুর আগের দিন অধিনায়ককে ছেড়ে দিলেন গৌতম গম্ভীররা। ঘাড়ের চোট এখনও ঠিক হয়নি ভারতীয় দলের অধিনায়কের। গুয়াহাটি টেস্টে তাঁর খেলার সম্ভাবনা নেই। তাই তাঁকে ছেড়ে দেওয়া হল। শুভমন চিকিৎসার জন্য গুয়াহাটি থেকে মুম্বইয়ে যাচ্ছেন। ভারতীয় ক্রিকেট বোর্ড অধিনায়ককে নিয়ে ধোঁয়াশা তৈরি করেছিল। দলের সঙ্গে কলকাতা থেকে গুয়াহাটিতেও তাঁকে নিয়ে যাওয়া হয়। কিন্তু শেষ পর্যন্ত শুভমনকে ছেড়েই দিতে হল দল থেকে। ভারতীয় দলের মেডিক্যাল স্টাফরা শুভমনের চোট নিয়ে কোনও ঝুঁকি নিতে চাননি। বিসিসিআই সমাজমাধ্যমে এই খবর জানিয়েছে।
শুভমনের জায়গায় ভারতের প্রথম একাদশে ঢুকতে পারেন সাই সুদর্শন। শুভমনকে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে দ্বিতীয় টেস্টে পাওয়া যাবে না, তা আগেই সম্ভবত বুঝতে পেরেছিলেন গম্ভীর। সেই কারণে গত মঙ্গলবার কলকাতায় সুদর্শনকে দীর্ঘক্ষণ ব্যাটিং অনুশীলন করান ভারতীয় দলের কোচ।
শুক্রবার ম্যাচের আগের দিন সংবাদমাধ্যমের মুখোমুখি হয়েছিলেন পন্থ। নেতৃত্ব নিয়ে প্রশ্ন করা হয় তাঁকে। পন্থ জানিয়েছেন, এভাবে এক ম্যাচের জন্য নেতৃত্ব পাওয়ায় তিনি খুশি নন। পন্থ বলেছেন, ‘একটা ম্যাচের জন্য নেতৃত্ব পাওয়াটা ভালো বিষয় নয়। তবে এই সম্মান দেওয়ার জন্য আমি ভারতীয় ক্রিকেট বোর্ডের কাছে কৃতজ্ঞ। অনেক সময় আপনি বড়ো কোনও বিষয় নিয়ে ভাবতে পারেন। তাতে লাভ কিছু হয় না। আমিও এটা নিয়ে বেশি ভাবতে চাই না। প্রথম টেস্টটা আমাদের ভালো যায়নি। এই ম্যাচটা জেতার জন্য আমাদের যা যা করা প্রয়োজন, তা আমাদের করতে হবে।’
পন্থ বুঝিয়ে দিয়েছেন, শুভমনের চোটের জন্য তাঁকে দায়িত্ব নিতে হচ্ছে। এই ধরনের পরিস্থিতি কাম্য নয়। তাই এক ম্যাচের নেতৃত্ব নিয়ে না ভেবে ম্যাচ জেতাকেই পাখির চোখ করতে চাইছেন পন্থ। তিনি বলেছেন, ‘আমরা সকলে জানি কীকরে ক্রিকেট খেলতে হয়। মাঠে কেমন আচরণ করতে হয়। শেষ টেস্টটা আমরা ভালো খেলতে পারিনি। কিন্তু আমাদের সামনে দিকে তাকাতে হবে। সামনে এগোতে হবে। গুয়াহাটিতে জেতার জন্য যা যা করা প্রয়োজন, আমাদের করতে হবে। আমরা শুধু জয় নিয়েই ভাবতে চাইছি।’ উঠেছে শুভমনের চোটের প্রসঙ্গও। এই দিনই ভারতীয় দল থেকে ছেড়ে দেওয়া হয়েছে তাঁকে। আপনার সঙ্গে কথা হয়েছে? পন্থ বলেছেন, ‘শুভমনের সঙ্গে তো রোজই কথা হয়। আগে চেয়ে ভালো আছে। এই ম্যাচটা ও ভীষণ ভাবে খেলতে চেয়েছিল। শারীরিক সমস্যা উপেক্ষা করে খেলতে চাইছিল। অধিনায়ক ব্যথা-যন্ত্রণা ভুলে মাঠে নামার জন্য মরিয়া হয়ে উঠলে, বাকি দলের মধ্যেও একটা জেদ তৈরি হয়। দলের মানসিকতাই অন্য রকম হয়ে যায়।’
শুভমনের জায়গায় আপনারা কাকে খেলাবেন? পন্থ নাম বলতে চাননি। শুধু বলেছেন, ‘শুভমনের পরিবর্তে কাকে খেলানো হবে, সেই সিদ্ধান্ত হয়ে গিয়েছে। যে খেলবে, সে জানেও।’ পন্থ আরও বলেছেন, ‘অধিনায়ক হিসাবে সতীর্থদের স্বাধীনতা দিতে চাই। শুধু খেলোয়াড়রাই নয়, দলের সঙ্গে থাকা সকলে নিজেরাই শিখুক এবং দলের জন্য সঠিক সিদ্ধান্ত নিক। নিজের অভিজ্ঞতা সব সময় অন্যদের সঙ্গে ভাগ করে নিতে আমি প্রস্তুত। প্রয়োজন হলে সকলকে সাহায্য করব।’ গুয়াহাটির বরষাপাড়া স্টেডিয়ামে টেস্ট অধিনায়ক হিসাবে প্রথম নামবেন। পন্থ বেশ উত্তেজিত। তিনি বলেছেন, ‘এই মাঠটা আমার খুব প্রিয়। হৃদয়ের কাছের। এই মাঠেই এক দিনের আন্তর্জাতিকে আমার অভিষেক। এখানেই প্রথম টেস্ট ম্যাচে নেতৃত্ব দেব। মাঠটা আমার ক্রিকেটজীবনে সব সময় গুরুত্বপূর্ণ হয়ে থাকবে। শুধু মাঠটা নয়, আমার ক্রিকেটজীবনে গুয়াহাটির তাৎপর্যই আলাদা।’