খেলার বিভাগ > ক্রিকেট
ছিটকে গেলেন স্টোকস, নেই আর্চারও।
আর কয়েক ঘণ্টার অপেক্ষা। তারপরই ঢাকে কাঠি পড়বে ওভাল টেস্টের। ইংল্যান্ড সফরে এটাই আপাতত শেষ ম্যাচ ভারতের। সিরিজের শেষ ম্যাচে জিততে মরিয়া গৌতম গম্ভীরের দল। কারণ, ইতিমধ্যেই ২-১ ব্যবধানে সিরিজে পিছিয়ে রয়েছে টিম ইন্ডিয়া। চার ম্যাচের তিনটিতে ফয়সালা হলেও, ম্যাঞ্চেস্টারের ড্র করেছে দুই দল। ফলে ভারতের সামনে অগ্নিপরীক্ষা। নতুন অধিনায়ক শুভমন গিল কি পারবেন ইংল্যান্ডের চোখরাঙানি উপেক্ষা করে সিরিজ ড্র করতে? উত্তর সময়ই বলবে।
ওভাল টেস্টের আগে ভারতের সবথেকে বেশি মাথাব্যথা জসপ্রীত বুমরাকে নিয়ে। সিরিজের পঞ্চম টেস্টে বুমরার খেলার সম্ভাবনা কার্যত নেই। তাঁকে নিয়ে কোনও ঝুঁকি নিতে চাইছে না ভারতীয় দল। তাঁকে না খেলানোর পরামর্শ দিয়েছে বোর্ডের চিকিৎসক দলও। বুমরা পিঠে নতুন করে যাতে আর না চোট পান, সেই কারণে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ফলে ওভালে আবার ভারতের পেস বোলিং বিভাগে বদল আসতে চলেছে।
ইংল্যান্ড সিরিজ শুরুর আগে জানানো হয়েছিল, বুমরা তিনটি টেস্ট খেলবেন। তিনি ইতিমধ্যে তিনটি টেস্টে খেলে ফেলেছেন। ফলে পঞ্চম টেস্টে না খেলারই কথা। যেহেতু ওভালে ভারতের সামনে সিরিজে সমতা ফেরানোর সুযোগ রয়েছে, তাই বুমরাকে খেলানোর একটা চেষ্টা চলছিল। তবে ম্যাঞ্চেস্টারে খুব একটা সাফল্য পাননি বুমরা। প্রথমবার তিনি এক ইনিংসে ১০০-র বেশি রান দিয়েছেন। যদিও ম্যাঞ্চেস্টার টেস্টের পর গম্ভীর জানিয়েছিলেন, বুমরা খেলবেন। দু’দিন পরেই তাঁকে বসানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
মঙ্গলবারের অনুশীলন অনুযায়ী, আকাশ দীপের ওভালে খেলার সম্ভাবনা বেশি। চতুর্থ টেস্টে কুঁচকির চোটের কারণে খেলতে পারেননি বাংলার পেসার। তবে ওভালের সবুজ অনুশীলন পিচে তাঁকে স্বচ্ছন্দে বল করতে দেখা গিয়েছে। ওভালের পেস সহায়ক পিচে তাঁর বোলিং কাজে লাগতে পারে। মহম্মদ সিরাজ স্বাভাবিক ভাবেই আক্রমণের শুরুতে থাকবেন। তৃতীয় পেসার হিসাবে প্রসিদ্ধ কৃষ্ণ এবং আর্শদীপ সিংয়ের মধ্যে কাউকে নেওয়া হবে। আর্শদীপেরই খেলার সম্ভাবনা বেশি। তাঁর টেস্ট অভিষেক হয়নি। তবে কাউন্টিতে বল করার অভিজ্ঞতা রয়েছে।
ব্যাটিং বিভাগে সেরকম পরিবর্তনের সম্ভাবনা নেই। শুধু ঋষভ পন্থ ছাড়া। শুরুতে যশস্বী জয়সওয়াল ও কেএল রাহুল। তারপর সাই সুদর্শন ও শুভমন গিল। পাঁচে সম্ভবত সুযোগ পাবেন ধ্রুব জুরেল। পন্থের বিকল্প হিসাবে ম্যাঞ্চেস্টারে উইকেটরক্ষা করেছেন তিনি। এবার হয়তো ইংল্যান্ডের মাটিতে প্রথম একাদশে সুযোগ পেতে চলেছেন ধ্রুব। ছয় ও সাতে যথারীতি রবীন্দ্র জাদেজা ও ওয়াশিংটন সুন্দর। আটে শার্দূল ঠাকুর। তবে ঠাকুরের পারফরম্যান্স আহামরি নয়। তাই তাঁর পরিবর্তে কুলদীপ যাদবকে খেলাতে পারেন গম্ভীর। যদিও পুরোটাই নির্ভর করছে পিচের পরিস্থিতির ওপর।
তিন পেসার সিরাজ ও আকাশ একপ্রকার নিশ্চিত। অংশুল কম্বোজ হয়তো বাদ পড়তে চলেছেন এই টেস্টে। তাঁর পরিবর্তে আর্শদীপ সুযোগ পেতে পারেন।
এদিকে, ওভাল টেস্ট শুরুর আগেই ইংল্যান্ড শিবিরে দুঃসংবাদ। ভারতের বিরুদ্ধে সিরিজের শেষ টেস্ট থেকে ছিটকে গেলেন অধিনায়ক বেন স্টোকস। বুধবার আনুষ্ঠানিক ভাবে এই কথা ঘোষণা করেছে ইংল্যান্ড। ওভাল টেস্টের দলে চারটি পরিবর্তন করেছে তারা। খেলতে পারবেন না জোফরা আর্চারও। স্টোকসের অনুপস্থিতিতে অধিনায়কের দায়িত্ব সামলাবেন অলি পোপ।
এই সিরিজে সবচেয়ে বেশি উইকেট (১৭) নিয়েছেন স্টোকসই। ব্যাটার স্টোকসের চেয়েও বোলার স্টোকসের অভাব বেশি টের পাবে ইংল্যান্ড। শেষ দু’টি টেস্টে ম্যাচের সেরা ক্রিকেটার হয়েছেন তিনি। ম্যাঞ্চেস্টারে স্টোকসের বল খেলতে ভারতের ডানহাতি ব্যাটারদের খুবই অসুবিধা হয়েছে। শুভমন গিল বল ছাড়তে গিয়ে আউট হন। স্টোকসকে নিয়ে যে অনিশ্চয়তা রয়েছে, তা বোঝা গিয়েছিল চতুর্থ টেস্টের চতুর্থ দিন। কয়েক ওভার করার পরেই ডান কাঁধের পেশিতে হাত বুলোতে দেখা যায় তাঁকে। আগের মতো ছন্দেও দেখায়নি ইংরেজ অধিনায়ককে।
স্টোকস ও আর্চার ছাড়াও ইংল্যান্ড দল থেকে বাদ পড়েছেন ব্রাইডন কার্স এবং লিয়াম ডসন। প্রথম দু’টি টেস্টে খেলা জশ টং প্রথম একাদশে এসেছেন। সিরিজের প্রথম টেস্ট খেলতে নামবেন গাস অ্যাটকিনসন। শেষ বার মে মাসে জিম্বাবোয়ের বিরুদ্ধে টেস্টে খেলেছিলেন তিনি। তারপর হ্যামস্ট্রিংয়ে চোট পান। দলে এসেছেন ডানহাতি পেসার জেমি ওভার্টনও। তিনি কেরিয়ারের দ্বিতীয় টেস্ট খেলতে নামবেন। একমাত্র টেস্টটি খেলেছেন ২০২২-এ নিউজিল্যান্ডের বিরুদ্ধে। এছাড়া ইংল্যান্ড দলে এসেছেন জেকব বেথেল।
দুই দলই চোটের জন্য বেশ কিছু গুরুত্বপূর্ণ খেলোয়াড়কে পাচ্ছে না। তবে কে নেই তা নিয়ে ভাবতে রাজি নন গৌতি। জয়ের সংকল্প নিয়েই যে ওভালে নামবেন গিলরা, তা বলাই যায়।