খেলার বিভাগ > ক্রিকেট
অনুশীলনের আগেই কালীঘাট মন্দিরে যাবেন ভারতীয় কোচ।
রবিবার রাতে কলকাতায় পা রেখেছেন কোচ গৌতম গম্ভীর ও অধিনায়ক শুভমন গিল। সোমবার পুরো দলই কলকাতায় পা রেখেছে। জানা গিয়েছে মঙ্গলবার অনুশীলন করবে ভারতীয় দল। অনুশীলনের আগেই কালীঘাট মন্দিরে যাবেন ভারতীয় কোচ।
শুক্রবার থেকে ইডেন গার্ডেন্সে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ভারতের প্রথম টেস্ট শুরু। তার পাঁচ দিন আগেই শহরে পা রেখেছেন গম্ভীর, শুভমনরা। এদিন ইডেনের পিচ দেখলেন প্রাক্তন অধিনায়ক তথা সিএবি সভাপতি সৌরভ গঙ্গোপ্যাধ্যায়। সিএবির অন্য অফিসিয়ালদের সঙ্গেও পিচ নিয়ে আলোচনা করেন তিনি। আগামী পাঁচ দিন ব্যাটে-বলে কতটা লড়াই জমবে তার আভাস নিলেন মহারাজ।
অস্ট্রেলিয়ার ব্রিসবেনে ম্যাচ ভেস্তে যাওয়ায় রবিবার রাতে কলকাতা বিমানবন্দরে নামেন ভারতীয় দলের কয়েক জন ক্রিকেটার। শুভমন ছাড়াও জসপ্রীত বুমরা, ওয়াশিংটন সুন্দর ও নীতীশ রেড্ডি আগেই চলে এসেছিলেন কলকাতায়। গম্ভীর ছাড়াও দলের বোলিং কোচ মর্নি মর্কেল, সহকারী কোচ রায়ান টেন দুশখাতেকে দেখা যায়। ভারতীয় দলের সাপোর্ট স্টাফরাও চলে এসেছিলেন কলকাতায়। বিমানবন্দর থেকে সরাসরি হোটেলে গিয়েছিলেন তাঁরা।
দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে লড়াই সহজ হবে না। বিশেষ করে ইডেনে পেসাররা বাড়তি সুবিধা পান। শুভমনরা সবে টি-টোয়েন্টি সিরিজ খেলেছেন। লাল বলের ক্রিকেটে ফেরার অনুশীলন করতে হবে তাঁদের। সেই কারণে সময় নষ্ট করতে চাননি গম্ভীর। কয়েক দিন আগে থেকে অনুশীলন শুরু করে দিতে চাইছেন তিনি। টিম ম্যানেজমেন্ট মনে করছে কলকাতার আবহাওয়াতে মানিয়ে নিতে সমস্যা হবে না। কলকাতা টেস্ট জিতেই সিরিজ শুরু করতে চাইছে টিম ম্যানেজমেন্ট।
এদিন গম্ভীর বলেন, ‘যত বেশি অলরাউন্ডার থাকবে তত ভালো। কম বিকল্পের থেকে বেশি বিকল্প থাকা ভালো। অনেকেই আমাদের টি-টোয়েন্টি দলকে দেখে আগ্রাসী ব্যাটিং দল বলে। আমার মনে হয় পাওয়ার প্লে-তে বুমরাকে দিয়ে তিন ওভার বল করানোও আগ্রাসনের একটা ধরন। আমরা এমন দল হতে চাই না যেখানে শুধু ব্যাটিংয়ের আগ্রাসনটাই লোকের নজরে পড়ে। সামগ্রিক ভাবে যাতে গোটা দলকে আগ্রাসী লাগে সেই কাজ করতে চাই। এই টি-টোয়েন্টি দলটায় সাত-আট জন বল করতে পারে। বছরের পর বছর ধরে আমরা এমন ক্রিকেটার খুঁজে গিয়েছি যে দু’ওভার বল করে দিতে পারে। সেটা টি-টোয়েন্টি হোক বা ৫০ ওভারের ম্যাচ। এখন এমন বোলারদের তৈরি করার চেষ্টা চলছে যারা মাঝের দিকে ব্যাট করতে পারে, আবার দরকারে বলও করে দিতে পারে।’