খেলার বিভাগ > ক্রিকেট
ভারত এখনও পিছিয়ে রয়েছে ১৩৭ রানে।
রানের পাহাড় গড়ল ইংল্যান্ড। ভারতীয় বোলিংকে একপ্রকার নির্বিষ করে ৬৬৯ রান করলেন বেন স্টোকসরা। রানের পাহাড়ে চড়ে তাঁরা ভারতের সামনে লিড রাখলেন ৩১১ রানের। ম্যাঞ্চেস্টারে শুভমন গিলদের সামনে এখন ইনিংসে হার বাঁচানোর লড়াই। আর সেই লক্ষ্যে নেমে পরপর ২ উইকেট খুইয়ে কার্যত কিছুটা ব্যাকফুটে ভারত। তবে লড়ছেন অধিনায়ক শুভমন গিল ও কেএল রাহুল। দিনের শেষে ২ উইকেট খুইয়ে ১৭৪ রান করেছে ভারত। ৭৮ রান করে ক্রিজে রয়েছেন গিল। অন্যদিকে রাহুল অপরাজিত ৮৭ রানে। ভারত এখনও পিছিয়ে রয়েছে ১৩৭ রানে।
তৃতীয় দিনের শেষে ইংল্যান্ডের রান ছিল ৭ উইকেটে ৫৪৪। চতুর্থ দিনের শুরুতে বুমরার বলে লিয়াম ডসন (২৬) আউট হলেও ইংল্যান্ড অধিনায়ক ছিলেন অপ্রতিরোধ্য। দুর্দান্ত শতরান হাঁকান স্টোকস। ব্রাইডন কার্সকে সঙ্গে নিয়ে ৯৫ রানের পার্টনারশিপ গড়েন তিনি। সেঞ্চুরির পর নিজের ব্যাটিং গিয়ার কার্যত পরিবর্তন করেন স্টোকস। বুমরা, জাদেজারা তাঁর সামনে বিশেষ কিছু করতে পারছিলেন না। ১৬৪ বলে তিনি সেঞ্চুরি করেছিলেন। বাকি ৪১ রান করলেন ৩৪ বলে। শেষমেশ জাদেজার বলে বাউন্ডারি লাইনের সামনে তাঁর ক্যাচ ধরলেন সাই সুদর্শন। ১৪১ রানে ফিরলেন স্টোকস।
এরপর ব্যক্তিগত ৪৭ রানের মাথায় আউট হন কার্স। তাঁকে ফেরান জাদেজাই। ততক্ষণে ৬৬৯ রানের পাহাড়ে চেপে বসেছে ইংল্যান্ড। টিম ইন্ডিয়ার হয়ে রবীন্দ্র জাদেজা নেন ৪ উইকেট। বুমরা এবং ওয়াশিংটন সুন্দর নেন ২টি করে উইকেট। সিরাজ এবং অংশুল কম্বোজ নেন ১টি করে উইকেট। এত রানের বোঝা মাথায় নিয়ে গিলরা দ্বিতীয় ইনিংসে কতটা লড়াই চালান, তার ওপর নির্ভর করছে সিরিজে ভারতের ভাগ্য। কারণ, এই টেস্টে ড্র বা হার হলে কিন্তু সিরিজ জয়ের সুযোগ হাতছাড়া হয়ে যাবে।
হয়তো ভিতরে ভিতরে চাপ করছিলেন যশস্বীরা। শুরুর ওভারে যেভাবে ভারত পরপর দুই উইকেট খোয়াল, তাতে চাপে থাকার সম্ভাবনা উড়িয়ে দেওয়া যায় না। ক্রিস ওকসের চতুর্থ এবং পঞ্চম বলে একে একে সাজঘরে ফিরে গেলেন যশস্বী এবং সুদর্শন। লাঞ্চে যাওয়ার আগে ভারতের রান ছিল ২ উইকেটে ১। চা বিরতি পর্যন্ত ভালো ব্যাট করলেন গিল ও রাহুল। ইংল্যান্ডের বোলারদের বিরুদ্ধে লড়ছেন তারা। দু’জনেই ভালো ব্যাটিং করছেন। ইংল্যান্ডের বোলারদের বিরুদ্ধে লড়াই করছেন গিলরা। ১৬৭ বলে ৭৮ রান করলেন গিল। মেরেছেন ১০ টি চার। পাশাপাশি ২১০ বলে ৮৭ রান করলেন রাহুল। পরপর দুই উইকেট পড়ার পরে এক সময় মনে হয়েছিল ভারতের অল আউট হয়তো সময়ের অপেক্ষা। কিন্তু েশষ পর্যন্ত গিলরা যেভাবে ব্যাটিং করছেন তাতে কিছুটা হলেও আশা করা যেতে পারে। ম্যাচের শেষ দিন ভারতীয় দল কেমন ব্যাটিং করে তা অপেক্ষায় দেশবাসী।