খেলার বিভাগ > ক্রিকেট
৪১ রানে জয় টিম ইন্ডিয়ার।
গল্পের শুরুটা সেই একই। আবারও ‘শর্মা জি কী বেটা’র তাণ্ডব। শুরুতে শুভমন গিল সঙ্গ দিলেও, পথ হারালেন তিনি। তবে অভিষেকের ব্যাটে বড়ো রান করার পর শেষ পর্যন্ত ৪১ রানে জেতে ভারত।
বুধবার ভারত এবং বাংলাদেশ, দুই দলের কাছেই ম্যাচটি বেশ গুরুত্বপূর্ণ। কারণ, সুপার ফোরে ভারত যেমন পাকিস্তানকে হারিয়েছে, তেমনই শ্রীলঙ্কাকে উড়িয়ে দিয়েছে বাংলাদেশ। ফলে এই ম্যাচ যে দল জিতবে, তাদের ফাইনাল কার্যত নিশ্চিত। কিন্তু এই সব সমীকরণ মাথায় রেখে অভিষেক আর কবে ব্যাট করতে নেমেছেন! থিতু হতে ৩-৪ বল সময় নিলেন। তারপর একেবারে টপগিয়ারে চলল তাঁর গাড়ি।
এদিন টসে জিতে টিম ইন্ডিয়াকে ব্যাট করতে পাঠায় বাংলাদেশ। দুই ওপেনারের তাণ্ডবে দিশেহারা হয়ে যায় বঙ্গ ব্রিগেড। পাওয়ার প্লেতে ১২-র ওপর রানরেট রাখে ভারত। তবে পাওয়ার প্লে শেষ হতেই রিশাল হোসেনের হাতে বল তুলে দেন বাংলাদেশ অধিনায়ক জাকের আলি। দ্বিতীয় বলেই শুভমনকে ফেরান তিনি। ১৯ বলে ২৯ রান করে আউট হন গিল। তিন নম্বরে আচমকা শিবম দুবে ব্যাট করতে নামেন। ব্যর্থ তিনিও। ৩ বলে ২ রান করে যান দুবে। তবে অভিষেকের তাণ্ডব থামেনি। ১২তম ওভারের মাথায় তিনি যখন আউট হন, তখন তাঁর নামের পাশে ৩৭ বলে ৭৫। আরও একবার শতরান মিস করলেন ঠিকই, কিন্তু ভারতকে শক্ত ভিতের ওপর দাঁড় করিয়ে দিয়ে গেলেন অভিষেক। যার ফলে ৬ উইকেটে ১৬৮ রান তোলে ভারত। জবাবে সইফ হোসেন ৫১ বলে ৬৯ রান করেন। এছাড়া পারভেজ (২১) ইমন শুধু দু’অঙ্কের মুখ দেখেন। বাকিরা সকলেই ব্যর্থ। বাংলাদেশ ১২৭ রানে গুটিয়ে যায়। ভারতের হয়ে কুলদীপ সর্বোচ্চ তিন উইকেট নেন। এক ম্যাচ বাকি থাকলেই ফাইনাল নিশ্চিত করল ভারত। পাকিস্তান-বাংলাদেশ ম্যাচে যে জিতবে, সেই ভারতের বিরুদ্ধে খেলবে।