খেলার বিভাগ > ক্রিকেট
ইংল্যান্ডের মাটিতে প্রথম টেস্টে অনবদ্য ব্যাট করলেন যশস্বী জয়সওয়াল। ১৪৪ বলে সেঞ্চুরি করলেন তিনি। ব্রাইডন কার্সের বল হাতে লাগলেও অকুতোভয়। তাঁকে থামায় সাধ্যি কার? শুরু থেকেই দাপটের সঙ্গে খেলছিলেন। আর সিঙ্গল নিয়ে সেঞ্চুরি করতেই আকাশে লাফিয়ে উঠলেন। কে বলবে, হাতে চোট নিয়েও নব্বইয়ের কোঠায় দাঁড়িয়ে দুটি চার হাঁকালেন। কম গেলেন না অধিনায়ক শুভমন গিলও। নেতৃত্বের আর্মব্যান্ড হাতে পরেই শতরানের দেখা পেলেন পঞ্জাব তনয়। ঋষভ পন্থ খেললেন সিনিয়রের মতোই। সব মিলিয়ে রানের পাহাড়ে ভারতীয় দল।
টসে জিতে ভারতকে ব্যাট করতে পাঠান বেন স্টোকস। প্রথম সেশনে যথেষ্ট অঙ্ক কষে নেমেছিলেন টিম ইন্ডিয়ার দুই ওপেনার যশস্বী জয়সওয়াল এবং কেএল রাহুল। কোনও ইংরেজ বোলারই তাঁদের পরাস্ত করতে পারছিলেন না। ইংল্যান্ড বোলিংকে কার্যত নিরস্ত্র করে দেন যশস্বী। রাহুল ৪২ রানে আউট হলেও বাঁহাতি ব্যাটারের দাপট থামেনি। যশস্বী যখন ৯০ রানে ব্যাট করছিলেন তখন ব্রাইডেন কার্সের বল সোজা এসে হাতে লাগে। কিন্তু তাতে দমে যাওয়ার পাত্র নন যশস্বী। মাঠে ফিজিও ঢুকে শুশ্রূষা করেন। চোট যে যথেষ্ট জোরালো, তা বোঝাই যাচ্ছিল। কিন্তু তারপর দুটি চার হাঁকান। একেবারে ৯৯ রানে। সেখান থেকে একটা শর্ট রান। ইংল্যান্ডের মাঠে প্রথম টেস্টেই সেঞ্চুরি করলেন তিনি। তবে চা-পানের বিরতির পরই আউট হয়ে যান যশস্বী। ১৫৮ বলে করেন ১০১ রান। প্রথম দিনের শেষে ভারতের স্কোর ৩৫৯/৩। গিল অপরাজিত ১২৭ রানে। সঙ্গী পন্থ। তিনি ৬৫ রানে ক্রিজে রয়েছেন। বলা ভালো, রানের পাহাড় গড়তে চলেছে টিম ইন্ডিয়া।