খেলার বিভাগ > ক্রিকেট
পাক অধিনায়ক আঘার সঙ্গে হাত মেলালেন না সূর্যকুমার
পাকিস্তানের থেকে ভারতীয় দল অনেকটা এগিয়ে, প্রাক্তন ক্রিকেটাররা এই আওয়াজ তুলছিলেন। মাঠেও তার কিছুটা প্রতিফলন দেখা গেল। বলা যেতে পারে এশিয়া কাপের হাইভোল্টেজ ম্যাচে পাকিস্তানকে এক রকম হেলায় হারিয়ে দিল ভারতীয় দল। সূর্যকুমার যাদবরা ৪ ওভার বাকি থাকতেই ৭ উইকেটে জিতলেন।
টসে হেরে ভারতীয় দল ফিল্ডিং নেয়। নির্ধারিত ২০ ওভারে ৯ উইকেটে ১২৭ রান তোলে পাকিস্তান। হার্দিক দ্বিতীয় বলেই সাইম আয়ুবকে আউট করে ম্যাচ জমিয়ে দিলেন। এরপর বুমরার বলে বড়ো শট মারতে গিয়ে আউট হন মহম্মদ হ্যারিস। মাত্র ৬ রানে দুই উইকেট হারায় পাকিস্তান। দুই উইকেট পড়লেও সাহিবজাদা ফারহান ও ফখর জমান কিছুটা ধরার চেষ্টা করেছিলেন। কিন্তু অক্ষর প্যাটেলের বলে বড়ো শট মারতে গিয়ে আউট হন ফখর জমান। ভারতীয় স্পিনারদের সামনে হতভম্ব দেখাচ্ছিল পাক ব্যাটারদের। কোন দিকে বল ঘুরবে, বুঝতেই পারছিলেন না তাঁরা। এরপর পাকিস্তানের অধিনায়ক সলমন আঘা মাত্র ৩ রানে আউট করে দেন অক্ষর। এরপর দুই উইকেট নেন কুলদীপ যাদব। তিনি আউট করেন হাসান নওয়াজ (৫) ও মহম্মদ নওয়াজকে (০)। শেষ পর্যন্ত ১২৭ রানে থেকে যায় পাকিস্তানের ইনিংস। জবাবে ব্যাট করতে নেমে ১৫.৫ ওভারে ৩ উইকেটে ১৩১ রান তোলে টিম ইন্ডিয়া। ভারতীয় দলের হয়ে অপরাজিত থেকে সর্বোচ্চ রান করেন সূর্যকুমার (৪৭)। পাশাপাশি ৩১ রান করেন অভিষেক শর্মা ও তিলক বর্মা।
ম্যাচ শুরুর আগে নিজেদের মতো করে প্রতিবাদ শুরু করে দিল ভারতীয় দল। এশিয়া কাপে ভারতীয় ক্রিকেটাররা যে প্রতিবাদ করবেন সেই ইঙ্গিত আগেই পাওয়া গিয়েছিল। খেলা শুরুর আগেই সেটা দেখা গেল। ভারতীয় ক্রিকেটাররা কালো আর্মব্যান্ড পরেননি ঠিকই, কিন্তু টসের পর পাকিস্তানের অধিনায়ক আঘার সঙ্গে হাত মেলালেন না ভারত অধিনায়ক সূর্যকুমার। তিনি বুঝিয়ে দিলেন, খেলতে নামলেও কোনও রকমের সম্মান তাঁরা দেখাবেন না। টসে জেতে পাকিস্তান। দলের অধিনায়ক সলমন জানান, প্রথমে ব্যাট করবেন তাঁরা। ভারত অধিনায়ক সূর্য জানান, টস জিতলে তাঁরা প্রথমে বল করতেন। সুতরাং টস হারলেও নিজেদের পছন্দ অনুযায়ী বলই করছেন তাঁরা। টস শেষে দু’দলের অধিনায়ক সাধারণত হাত মেলান। কিন্তু সূর্য সলমনের সঙ্গে হাত না মিলিয়েই ডাগ আউটের দিকে এগিয়ে যান। পহেলগামে জঙ্গি হামলা ও ‘অপারেশন সিঁদুর’-এর পর ক্রিকেট মাঠে প্রথমবার মুখোমুখি হল ভারত ও পাকিস্তান। এই ম্যাচ ঘিরে উত্তাপ ছড়িয়েছে বেশ কয়েক দিন ধরে। ম্যাচ বয়কটের দাবি উঠেছিল। কিন্তু ভারতীয় ক্রিকেট বোর্ড জানিয়ে দিয়েছে, বড়ো প্রতিযোগিতায় পাকিস্তানের বিরুদ্ধে খেলতে কোনও আপত্তি নেই তাদের। সেই নিয়ম মেনেই রবিবার এশিয়া কাপের ম্যাচে মুখোমুখি হয়েছিল দু’দল।