• +91 6291642485
  • 6291642485
Banner

খেলার বিভাগ > ক্রিকেট

কিছু ম্যাচ জিতব কিছু হারব, কিন্তু আমরা আত্মসমর্পণ করব না: গম্ভীর

লড়াইটাই আসল, তা-ও বুঝিয়ে দিয়েছেন ভারতীয় দলের কোচ।

পাহাড়প্রমাণ চাপ ছিল গৌতম গম্ভীরের উপর। ওভালে হারলে সিরিজও হাতছাড়া হত। নিউজিল্যান্ড, অস্ট্রেলিয়ার পর ইংল্যান্ডের বিরুদ্ধে সিরিজ হারলে যে বিপদ বাড়ত, সেটা নিশ্চয়ই তিনিও বুঝেছিলেন। ইংল্যান্ডের বিরুদ্ধে পাঁচ টেস্টের সিরিজ ড্র করে দেশে ফিরছে ভারতীয় দল। দু’দলের হাড্ডাহাড্ডি লড়াই দেখা গিয়েছে গোটা সিরিজেই। ওভালে যখন মহম্মদ সিরাজের বলটা গাস অ্যাটকিনসনের উইকেটটা ছিটকে দিল, তখন ভারতীয় ড্রেসিংরুম যেন আনন্দে ‘পাগল’ হয়ে গেল। একে অপরকে জড়িয়ে ধরে চলল বিশাল উচ্ছ্বাস। ওভালে শেষ টেস্টে জয় স্বস্তি দিচ্ছে কোচ গম্ভীরকেও। সিরিজ শেষ হওয়ার পর সমাজমাধ্যমে নিজের প্রথম প্রতিক্রিয়া জানিয়েছেন ভারতীয় দলের কোচ।
নিউজিল্যান্ডের কাছে ঘরের মাঠে ০-৩ ব্যবধানে টেস্ট সিরিজ হার। অস্ট্রেলিয়ায় গিয়ে ১-৩ ব্যবধানে টেস্ট সিরিজ হার। টেস্ট দলের কোচ হিসাবে গম্ভীরের দক্ষতা প্রশ্নের মুখে পড়ে গিয়েছিল। সেই পরিস্থিতিতে ইংল্যান্ডের মাটিতে টেস্ট সিরিজ ড্র কোচ গম্ভীরকে কিছুটা হলেও অক্সিজেন দেবে। সোমবার ওভালে শুভমন গিলদের রুদ্ধশ্বাস জয়ের পর সমাজমাধ্যমে প্রথম প্রতিক্রিয়া দিয়েছেন গম্ভীর। তিনি যা লিখেছেন, তার অর্থ ‘আমরা কিছু ম্যাচ জিতব, কিছু হারব। কিন্তু আমরা কখনও আত্মসমর্পণ করব না। শাবাশ ক্রিকেটাররা।’ ইংরেজিতে তিনি অবশ্য লিখেছেন, বড়োহাতের ‘নেভার’। এটার মাধ্যমে তিনি যে বিশেষ বার্তা দিচ্ছেন, তা স্পষ্ট।
ম্যাচের পর সাংবাদিকদের মুখোমুখি হননি গম্ভীর। সমাজমাধ্যমে তিন বাক্যে নিজের উচ্ছ্বাস প্রকাশ করেছেন। তাঁর কাছে যে লড়াইটাই আসল, তা-ও বুঝিয়ে দিয়েছেন ভারতীয় দলের কোচ। তিনি ক্রিকেটারদের হার না মানা লড়াইয়ে খুশি। পাঁচ টেস্টের সিরিজে ১-২ ব্যবধানে পিছিয়ে থেকে ওভালের ২২ গজে নেমেছিলেন শুভমনরা। শেষ দিন জয়ের জন্য ইংল্যান্ডের দরকার ছিল ৩৫ রান। ভারতের ৪ উইকেট। শেষ পর্যন্ত সিরাজের দাপুটে বোলিংয়ের সুবাদে ৬ রানে জিতেছে ভারত। সিরিজ শেষ হয়েছে ২-২ ফলে।

     

বিজ্ঞাপন

Goto Top