খেলার বিভাগ > ক্রিকেট
শুধু দু’বার হেসেছেন।
আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে শুভমন গিলের বাদ পড়া নিয়ে শুরু হয়েছে আলোচনা। অনেকেই এই সিদ্ধান্তে চমকে গিয়েছেন। সুনীল গাভাসকরের মতো প্রাক্তনীরা স্তম্ভিত। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ২০ ওভারের সিরিজেও সহ-অধিনায়ক ছিলেন শুভমন। পায়ের চোটের জন্য সিরিজের পঞ্চম ম্যাচ খেলেননি। লখনউয়েও তাঁর খেলার সম্ভাবনা ছিল না। ভারতের টেস্ট এবং একদিনের দলের অধিনায়ককে টি-টোয়েন্টি বিশ্বকাপের দল থেকেই বাদ দেওয়া হয়েছে। কেন শুভমনের জায়গা হল না? ভারতীয় দলের কোচ গৌতম গম্ভীর এই প্রশ্নে মুখ খুললেন না। তিনি শুধু দু’বার হেসেছেন।
বিশ্বকাপের দল নির্বাচনের পর শনিবারই দিল্লিতে ফেরেন গম্ভীর। কয়েক দিন বাড়িতে থেকে যোগ দেবেন দলের সঙ্গে। সামনে নিউজিল্যান্ডের বিরুদ্ধে তিন ম্যাচের একদিনের সিরিজ এবং পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ। তারপর টি-টোয়েন্টি বিশ্বকাপ। দিল্লি বিমানবন্দরে সাংবাদিকরা শুভমনের বাদ পড়া নিয়ে প্রশ্ন করেন গম্ভীরকে। ভারতীয় দলের কোচ জানিয়ে দেন, কোনও মন্তব্য করবেন না। দল নির্বাচন সংক্রান্ত কোনও প্রশ্নেই একটি শব্দও উচ্চারণ করেননি গম্ভীর। সোজা নিজের গাড়ির কাছে চলে যান। যদিও তাঁর মুখে ছিল মৃদু হাসি। শুভমনের পায়ে চোট রয়েছে। বিশ্বকাপের আগে তিনি সম্ভবত ফিট হয়ে যাবেন। তাঁর বাদ পড়ার নেপথ্যে চোটের থেকেও বড়ো কারণ ফর্মে না থাকা। ভারতীয় ক্রিকেট বোর্ডের এক কর্তা তা জানিয়েও দিয়েছেন। উল্লেখ্য, ২০২৫ সালে শুভমন ১৫টি টি-টোয়েন্টি ম্যাচ খেলে করেছেন ২৯১ রান। তাঁর স্ট্রাইক রেট ১৩৭.২৬। শুভমন বাদ পড়ায় ভারতের সহ-অধিনায়ক করা হয়েছে অক্ষর প্যাটেলকে। পাশাপাশি বার্তা দেওয়া হয়েছে টেস্ট এবং একদিনের দলের অধিনায়ককে। দলে থাকতে হলে রান করতে হবে। বিশ্বকাপের পর ভারতের সূচিতে রয়েছে কয়েকটি টেস্ট এবং একদিনের সিরিজ। টি-টোয়েন্টি বিশ্বকাপের দল থেকে বাদ পড়ার ধাক্কা তার আগে শুভমনকে চেনা ফর্মে ফেরাবে বলে মনে করা হচ্ছে।