• +91 6291642485
  • 6291642485
Banner

খেলার বিভাগ > ক্রিকেট

প্রথম দিনের অনুশীলনে পিচই মধ্যমণি গিল-গম্ভীরদের

সাজো সাজো রব ইডেনে। 

প্রায় ৬ বছর অতিক্রান্ত। টেস্ট ম্যাচ পায়নি ইডেন গার্ডেন্স। ২০১৯ সালে সেই টেস্টে বাংলাদেশকে ইনিংসে পর্যুদস্ত করেছিল ভারত। এবার কিন্তু সামনে দক্ষিণ আফ্রিকা। যারা এই মুহূর্তে টেস্টের এক নম্বর দল হিসাবে পরিচিত। ফলে লড়াইটা ভীষণ কঠিন। তার ওপর ভারতীয় দলে নেই বিরাট কোহলি, রোহিত শর্মাদের মতো তারকারা। শুভমন গিলের নেতৃত্বে ক্রিকেটের নন্দনকাননে কী ফুল ফোটায় ভারত, সেটাই দেখার।
টেস্ট উপলক্ষে দুই দলই চলে এসেছে শহরে। মঙ্গলবার থেকে ইডেনে শুরু করে দিল অনুশীলন। তবে ভারতের ঐচ্ছিল অনুশীলনে অনেকেই উপস্থিত ছিলেন না। সাই সুদর্শন দীর্ঘক্ষণ ব্যাটিং করলেন নেটে। গা ঘামালেন শুভমনও। বল হাতে অনুশীলন চালিয়ে গেলেন জসপ্রীত বুমরা-ওয়াশিংটন সুন্দররা। তবে অনুশীলনের মাঝেও শুভমন-গম্ভীরদের মন পড়ে রইল ইডেনের বাইশগজে। বারবার গিয়ে পিচ দেখলেন, আলোচনা করলেন নিজেদের মধ্যে। একবার তো পিচ প্রস্তুতকারক সুজন মুখোপাধ্যায়ের সঙ্গেও কথা বলতে দেখা যায় ভারতীয় দলের হেডস্যারকে।
এদিকে, দক্ষিণ আফ্রিকা হয়তো আগে থেকেই প্রস্তুত ছিল স্পিনিং ট্র্যাকের জন্য। নাহলে স্থানীয় যে সব বোলারদের ডেকেছিল নেটে, তাদের বেশিভাগই স্পিনার। সারাক্ষণ স্পিনের মহড়া দিয়ে গেলেন টেম্বা বাভুমা-টনি ডি জর্জিরা।
সোমবার লালকেল্লায় বিস্ফোরণ হওয়ার পর থেকেই বাড়তি সতর্কতা জারি হয়েছে ভারত-দক্ষিণ আফ্রিকা ম্যাচ নিয়ে। নিরাপত্তার কড়া চাদরে মুড়ে ফেলা হয়েছে ইডেন। এদিন পুলিশ কমিশনার মনোজ বর্মা নিজে দলবল নিয়ে এসে নন্দনকানন তল্লাশি করে গিয়েছেন একেবারে নিখুঁত ভাবে। প্র্যাকটিস সেশনেও পুলিশের নজরদারি ছিল চোখে পড়ার মতো। তবে দুই দলের অনুশীলন দেখতে যে পরিমাণ সমর্থক হাজির ছিলেন ইডেনে, তা সত্যিই নজিরবিহীন। মানুষের এই আগ্রহ দেখেই বোঝা যাচ্ছে, টেস্ট ম্যাচকে ঘিরে ইতিমধ্যেই উত্তেজনার পারদ তুঙ্গে।
মহামেডান তাঁবুর বাইরে বিক্রি হচ্ছে ম্যাচের টিকিট। সেখানে লম্বা লাইন। ঘোড়সওয়ার পুলিশ সেই লাইন নিয়ন্ত্রণ করছে। এই দৃশ্য সিএবি শেষ কবে দেখেছিল, তা মনে করা দায়! শুক্রবার শুরু ম্যাচ। কিন্তু এখন থেকেই জার্সি বিক্রেতাদের পৌষ মাস। শুভমনের জার্সি বিক্রি হচ্ছে দেদার। হালকা শীত, মিষ্টি রোদ্দুর আর হিমেল হাওয়া। এই আবহাওয়ায় টেস্ট দেখার রোমাঞ্চ হাতছাড়া করতে চান না কেউই।

     

বিজ্ঞাপন

Goto Top