• +91 6291642485
  • 6291642485
Banner

খেলার বিভাগ > ক্রিকেট

জন্মদিনে ধোনিকে শুভেচ্ছা রোনাল্ডো-বেকহ্যামদের

ফিফার তরফে এমন শুভেচ্ছাবার্তা দেখে আপ্লুত ধোনিভক্তরা।

মহেন্দ্র সিং ধোনির ৪৪তম জন্মদিন। আর সেই বিশেষ দিনে প্রাক্তন ভারত অধিনায়ককে অভিনব উপায়ে শুভেচ্ছা জানাল ফিফা। কিংবদন্তি ফুটবলার ক্রিশ্চিয়ানো রোনাল্ডো, ডেভিড বেকহ্যামদের জার্সি নম্বর ব্যবহার করে মাহিকে শুভেচ্ছা জানিয়েছে বিশ্ব ফুটবলের নিয়ামক সংস্থা। ধোনির জন্মদিনটিকে ‘থালা ডে’ বলে অভিহিত করেছে ফিফা।
মহেন্দ্র সিং ধোনির প্রতি অনন্ত ভালোবাসা মানুষের। ভৌগলিক সীমানা অতিক্রম করে তা ছড়িয়ে পড়েছে বিশ্বের সর্বত্র। গতবছর ইউরো কাপ শুরুর আগেও ধোনিকে অভিনব সম্মান দিয়েছিল ফিফা। ফিফা বিশ্বকাপের সোশ্যাল মিডিয়া পেজে, রোনাল্ডোর ছবি দিয়ে লেখা হয়েছিল, থালা ফর আ রিজন। অর্থাৎ সাত নম্বর জার্সিধারী রোনাল্ডো আর সাত নম্বর জার্সি পরা ধোনি-দুই কিংবদন্তিকে একাসনে বসিয়ে সম্মান দিয়েছিল ফিফা।
এবার ধোনির জন্মদিনেও অভিনব উদ্যোগ নিল ফিফা। তাদের ইনস্টাগ্রাম পোস্টে দেখা যাচ্ছে সাত নম্বর জার্সি পরা তিন বিখ্যাত ফুটবলারকে-রোনাল্ডো, বেকহ্যাম এবং সন হিউং মিনকে। তাঁদের জার্সির নম্বরের মাধ্যমে শুভেচ্ছা জানাচ্ছেন বার্থডে বয় ধোনিকে। চিরাচরিত হ্যাপি বার্থডে না বলে ফিফার বার্তা, হ্যাপি থালা ডে। অর্থাৎ এদিন পুরোটাই ধোনির। ফিফার তরফে এমন শুভেচ্ছাবার্তা দেখে আপ্লুত ধোনিভক্তরা।

     

বিজ্ঞাপন

Goto Top