• +91 6291642485
  • 6291642485
Banner

খেলার বিভাগ > ক্রিকেট

বুমরা মগজাস্ত্রই সেরা অস্ত্র, দাবি পূজারার

প্লে-স্টেশনে ফিফা খেলতেন ক্রিকেটাররা। 

অনুশীলন বা ম্যাচ শেষে হোটেলে ফিরে সাধারণত প্লে-স্টেশনে ফিফা (ভিডিয়ো গেম) খেলেন ভারতীয় ক্রিকেটাররা। সেখানে নিজেদের মধ্যে দলে ভাগ হয়ে যান তাঁরা। এমনটাই জানিয়েছেন চেতেশ্বর পূজারা। ২০১৮ সালে ইংল্যান্ড সফরের সময় সেই ঘটনা ঘটেছিল।
পূজারা এক সাক্ষাৎকারে বলেন, ‘আমাদের একটা দল ছিল। সেখানে আমি, শুভমন গিল, ঋষভ পন্থ ও ঋদ্ধিমান সাহা ছিলাম। আমরা সফর চলাকালীন প্লে-স্টেশনে ফিফা খেলতাম। আমরা বুমরাকে বলেছিলাম, আমাদের সঙ্গে খেলতে। কিন্তু ও রাজি হচ্ছিল না। তখন আমরা ওকে হুমকি দিয়েছিলাম। বলেছিলাম, তোমার বলে একটাও ক্যাচ ধরব না। তবে ও রাজি হয়েছিল।’ তাঁদের সঙ্গে ভিডিয়ো গেম খেললেও বুমরা খুব একটা সাবলীল ছিলেন না। তাঁকে সাহায্য করতে হত বলে জানিয়েছেন পূজারা।
বুমরা সাধারণত মাঠের বাইরে খুব শান্ত। কানে হেডফোন গুঁজে নিজের মধ্যেই থাকেন। সেই কারণেই তাঁরা ঠিক করেছিলেন ভারতীয় পেসারকে তাঁদের ভিডিয়ো গেমের দলে ঢোকাতে হবে। পূজারা অবসর না নিলেও দীর্ঘ দিন ভারতীয় দলে সুযোগ পান না। চলতি ইংল্যান্ড সফরে তিনি ধারাভাষ্যকারের ভূমিকায় রয়েছেন। মাঝেমধ্যেই মাঠে ভারতীয় ক্রিকেটারদের সাক্ষাৎকারও নিচ্ছেন। তার মধ্যে কোচ গৌতম গম্ভীর থেকে শুরু করে বুমরা, পন্থ, শুভমনরা রয়েছেন। পন্থের সঙ্গে কথা বলার সময়ও ভিডিয়ো গেমের কথা ওঠে।
পূজারার মতে, বুমরার সেরা অস্ত্র তাঁর মগজ। ভারতীয় ক্রিকেটের চিন্টু বলেন, ‘বেশির ভাগ মানুষ বুমরার দক্ষতার কথা বলেন। ওর বোলিং অ্যাকশন বা গতির কথা বলেন। কিন্তু একটা বিষয় সকলে এড়িয়ে যান। সেটা হল বুমরার মগজাস্ত্র। মাঠের পরিস্থিতি ও খুব ভালো বোঝে। আইপিএলে লাসিথ মালিঙ্গার কাছ থেকে ও শিখেছে কী ভাবে ব্যাটারকে বোকা বানাতে হয়। ও কয়েকটা বল করার পরেই পিচ বুঝে ফেলে। সেই পিচে কী ভাবে বল করলে ব্যাটার সমস্যায় পড়বে সেটা বুঝে যায়। সেই কারণেই ও এতটা সফল।’ 

     

বিজ্ঞাপন

Goto Top