খেলার বিভাগ > ক্রিকেট
দু’ম্যাচে বাংলার পয়েন্ট ১২।
ছন্দে মহম্মদ শামি। ভারতীয় দলে জায়গা না পেয়ে কি নিজেকে প্রমাণে মরিয়া হয়ে উঠেছেন বাংলার পেসার? ইডেন গার্ডেন্সে আগের ম্যাচে উত্তরাখণ্ডের বিরুদ্ধে ৭ উইকেট নিয়েছিলেন তিনি। ঘরের মাঠে দ্বিতীয় ম্যাচে গুজরাটের বিরুদ্ধে দুই ইনিংস মিলিয়ে নিলেন ৮ উইকেট। তার মধ্যে দ্বিতীয় ইনিংসে এল ৫ উইকেট। শামির দাপটেই খেলার শেষ দিন দুই সেশনে গুজরাটকে উড়িয়ে দিল বাংলা। ১৪১ রানে এই ম্যাচ জিতে চলতি রঞ্জির মরসুমের শুরুটা ভালো হল বাংলার। ঘরের মাঠে পর পর দু’ম্যাচ জিতল লক্ষ্মীরতন শুক্লার দল। দু’ম্যাচে বাংলার পয়েন্ট ১২।
শামিকে অস্ট্রেলিয়া সিরিজের দলে না নেওয়ার পর ভারতের নির্বাচক প্রধান অজিত আগরকর জানিয়েছিলেন, শামির ফিটনেস সম্পর্কে কোনও তথ্য তাঁদের কাছে নেই। রঞ্জির প্রথম ম্যাচে নামার আগে জবাব দিয়েছিলেন শামি। জানিয়েছিলেন, তথ্য দেওয়া তাঁর কাজ নয়। তাঁর সঙ্গে বোর্ড যোগাযোগ করেনি। শামি প্রশ্ন করেন, তিনি যদি রঞ্জি খেলতে পারেন, তা হলে এক দিনের ক্রিকেট কেন খেলতে পারবেন না? শামি পরপর দু’ম্যাচে জবাব দিলেন। বার্তা দিলেন আগরকরদের। সামনেই দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে সিরিজ। সেখানে কি শামিকে অবহেলা করতে পারবেন আগরকররা? বিশেষ করে তিনি যখন নিজেই বলেন যে জাতীয় দলে জায়গা পেতে হলে ঘরোয়া ক্রিকেটে ভালো খেলতে হবে। শামি তো সেই কাজটাই করলেন। পরপর দু’ম্যাচে।
বৃষ্টিবিঘ্নিত ম্যাচের ফয়সালার জন্য চতুর্থ দিন ঝুঁকি নিতে হত বাংলাকে। সেটাই করলেন অভিমন্যু ঈশ্বরণরা। তৃতীয় দিনের শেষে বাংলার রান ছিল ৬ উইকেটে ১৭০। চতুর্থ দিন আর ৪৪ রান যোগ করে ৮ উইকেটে ২১৪ রানের মাথায় ইনিংস ডিক্লেয়ার করে দেয় বাংলা। অনুষ্টুপ মজুমদার করে ৫৮ রান। শেষ বেলায় ১৮ বলে ২৫ রানের ইনিংস খেলেন আকাশ দীপ। গুজরাটের সামনে ৩২৭ রানের লক্ষ্য দেয় বাংলা। তারা জানত, গুজরাটের যা ব্যাটিং আক্রমণ তাতে এক দিনের কম সময়ে তাদের পক্ষে এই রান করা কঠিন। পাশাপাশি গুজরাটকে আউট করার জন্য পর্যাপ্ত সময় দরকার ছিল বাংলার বোলারদের। বাংলার ঝুঁকি তাদের ৩ পয়েন্টের জায়গায় ৬ পয়েন্ট এনে দিল। দ্বিতীয় ইনিংসে মাত্র ৪৫.৫ ওভার টিকতে পারল না গুজরাট। অর্থাৎ, দু’টি সেশনও নয়। একমাত্র ভালো দেখাল উইকেটরক্ষক উর্বিল প্যাটেলকে। ১০৯ রান করে অপরাজিত থাকলেন তিনি। কিন্তু জয়মীত প্যাটেল (৪৫) ছাড়া আর কেউ তাঁকে সঙ্গ দিতে পারলেন না। গুজরাটের আট ব্যাটার দুই অঙ্কে পৌঁছোতে পারেননি। ছ’জন শূন্য রানে আউট হন।