• +91 6291642485
  • 6291642485
Banner

খেলার বিভাগ > ক্রিকেট

শতরান হাতছাড়া সুদীপের, সুমন্তের অপরাজিত ৮২ 

ইডেনে রঞ্জির দ্বিতীয় দিন ৬১ রানে এগিয়ে বাংলা

অনবদ্য ব্যাট করছিলেন বাংলার ওপেনার সুদীপ চট্টোপাধ্যায়। কিন্তু মাত্র ২ রানের জন্য শতরান পেলেন না তিনি। নিশ্চিত শতরান হাতছাড়া হওয়ার জন্য কর্পোরেট বক্সে থাকা সিএবি সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায়কেও হা-হুতাশ করতে দেখা গেল। তবে ৯৮ রানে আউট হলেও অভিমন্যু ঈশ্বরণের ব্যর্থতা ঢেকে দিলেন সুদীপ। বাংলার এক ওপেনার শূন্য রানে ফিরলেও অপর ওপেনার দায়িত্ব নিয়ে খেললেন। রান করলেন সুমন্ত গুপ্তও। সুদীপ শতরান করতে না পারলেও সুমন্তের কাছে সুযোগ রয়েছে তিন অঙ্কে পৌঁছোনোর। ইডেনে দ্বিতীয় দিন ভালো ব্যাট করল বাংলা। উত্তরাখণ্ডের থেকে ৬১ রানে এগিয়ে তারা। তৃতীয় দিনে লিড বাড়িয়ে ম্যাচে দখল নেওয়ার সুযোগ রয়েছে বাংলার।

১ উইকেটে ৮ রান নিয়ে বৃহস্পতিবার সকালে ব্যাট করতে নামে বাংলা। অভিমন্যু শূন্য রানে ফেরায় চাপ ছিল দলের ওপর। সেই চাপ কাটালেন সুদীপ। দায়িত্ব নিয়ে খেললেন অভিজ্ঞ ব্যাটার। মিডল অর্ডারের তিন ব্যাটার ভালো শুরু করলেও বড়ো রান করতে পারেননি। তিন নম্বরে নেমে সুদীপ ঘরামি করেন ১৫ রান। অভিজ্ঞ অনুষ্টুপ মজুমদার ৩৫ রানে ফেরেন। অভিষেক পোড়েল ২১ রান করে আউট হন। এক সময় ৯৮ রানে ৪ উইকেট পড়ে গিয়েছিল বাংলার। অপর প্রান্তে উইকেট পড়লেও সুদীপ এক দিকে ভালো খেলছিলেন। ছ’নম্বরে নেমে তাঁর সঙ্গে জুটি বাঁধেন সুমন্ত। দু’জনে মিলে দলের রান এগিয়ে নিয়ে যেতে থাকেন। সময় নিয়ে খেলেন দু’জনে। তাড়াহুড়ো করেননি। হাত সেট হয়ে যাওয়ার পর কিছুটা হাত খোলেন তাঁরা। ভালো দেখাচ্ছিল সুদীপকে। দেখে মনে হচ্ছিল শতরান করবেন। কিন্তু ৯৮ রানের মাথায় ধৈর্য হারিয়ে ফেরেন সুদীপ। পঞ্চম উইকেটে সুদীপ ও সুমন্ত ১৫৬ রান যোগ করেন।
সুদীপ ফিরলে রান তোলার দায়িত্ব নিজের কাঁধে নেন সুমন্ত। দিনের শেষ ওভারে বিশাল ভাট্টি আউট হওয়ার পর খেলা শেষ হয়ে যায়। বাংলার রান তখন ৬ উইকেটে ২৭৪। সুমন্ত ৮২ রানে অপরাজিত রয়েছেন। এখনও মহম্মদ শামি, সুরজ সিন্ধু জয়সওয়াল, আকাশ দীপ রয়েছেন ব্যাট করার জন্য। তাঁরাও ব্যাট চালাতে পারেন। তৃতীয় দিন লিড বেশ কিছুটা বাড়িয়ে নিতে চাইবে বাংলা। তবে তার জন্য সুমন্তের ক্রিজে থাকা জরুরি। 
দলের পারফরম্যান্সে খুশি টিম ম্যানেজমেন্ট। তারা মনে করছে বড়ো লিড নিতে পারবে বাংলা। তবে সুদীপের শতরান হাতছাড়া হওয়ার জন্য কিছুটা হতাশ তারা।

     

বিজ্ঞাপন

Goto Top