খেলার বিভাগ > ক্রিকেট
বিসিসিআইয়ের বেসরকারি ফতোয়া
সচরাচর সেপ্টেম্বর মাসে বিসিসিআই এবং তার অধীনস্থ রাজ্য ক্রিকেট সংস্থায় নির্বাচন হয়ে থাকে। কিন্তু সব হিসেব-নিকেষ উলটে দিয়েছে জাতীয় ক্রীড়া বিল। যা বর্তমানে আইনে রূপান্তরিত হয়েছে। এর আওতায় চলে এসেছে ভারতীয় বোর্ডও। কিন্তু কোনও সুস্পষ্ট নির্দেশিকা এখনও না আসায় বোর্ড এবং রাজ্য ক্রিকেট সংস্থায় কোন পদ্ধতিতে নির্বাচন করা হবে, তা নিয়ে চরম ধোঁয়াশা রয়েছে। কারণ, একটা বিষয় পরিষ্কার, দেশের ক্রীড়ামন্ত্রক চায় জাতীয় ক্রীড়া আইন অনুযায়ীই নির্বাচন হোক।
কিন্তু বোর্ডের তরফে রাজ্য ক্রিকেট সংস্থায় নির্বাচন নিয়ে সরকারি কোনও নির্দেশিকা আসেনি। যদিও সূত্রের খবর, ইতিমধ্যে নাকি বেসরকারি ভাবে রাজ্য ক্রিকেট সংস্থাদের বোর্ডের তরফ থেকে বলা হয়েছে, নির্বাচন পিছিয়ে দিতে। সেপ্টেম্বরের বদলে অক্টোবরে করতে। কারণ, বোর্ড আগে নির্বাচন করতে চাইছে। আর সেটা সেপ্টেম্বরের শেষ সপ্তাহে হবে বলে খবর। সূত্রের খবর, কয়েকটি রাজ্য ক্রিকেট সংস্থা ইতিমধ্যে নির্বাচন পিছিয়ে অক্টোবরে নিয়ে যাওয়ার কাজ শুরু করে দিয়েছে। কিন্তু সেই নির্বাচন কোন পদ্ধতি মেনে হবে, বোর্ডের তরফে কিছু বলা হয়নি। মনে করা হচ্ছে, নির্বাচন পিছিয়ে দেওয়ার বেসরকারি নির্দেশিকা যখন এসেছে, তখন সেটা নতুন ক্রীড়া আইন মেনেই হবে।