খেলার বিভাগ > ক্রিকেট
পারফরম্যান্সের পরেও জায়গা পাননি শ্রেয়স আয়ার।
এশিয়া কাপে ভারতীয় দলের অধিনায়ক সূর্যকুমার যাদব থাকবেন কি না তা নিয়ে জল্পনা চলছিল। সেই জল্পনার অবসান হল। মঙ্গলবার এশিয়া কাপের জন্য ভারতীয় দল ঘোষণা করলেন নির্বাচক প্রধান অজিত আগরকর। ভারতের ১৫ জনের দল ঘোষণা করা হয়েছে। সূর্যকুমারই অধিনায়ক। তবে টি-টোয়েন্টি দলে নেওয়া হয়েছে শুভমন গিলকে। ভারতের টেস্ট দলের অধিনায়ক হলেও এশিয়া কাপে সহ-অধিনায়ক করা হয়েছে তাঁকে।
মঙ্গলবার দুপুর দেড়টার সময় দল ঘোষণার কথা থাকলেও তা প্রায় দেড় ঘণ্টা দেরিতে হয়। মুম্বইয়ে বৃষ্টির কারণে দল নির্বাচনের বৈঠকে পৌঁছোতে দেরি হয় প্রধান নির্বাচক আগরকর ও বোর্ডের সচিব দেবজিৎ শাইকিয়ার। দলে শুভমন থাকবেন কি না সে দিকেই নজর ছিল প্রত্যেকের। অবশেষে দেখা গেল, শুভমনকে রেখেছেন নির্বাচকরা। শুধু তা-ই নয়, তাঁকে সহ-অধিনায়কও করা হয়েছে। সূর্য যখন প্রথম ভারতের টি-টোয়েন্টি দলের অধিনায়ক হন তখন শুভমন ছিলেন তাঁর ডেপুটি। কিন্তু গত দুটো সিরিজে শুভমন খেলেননি। তাঁর বদলে অক্ষর প্যাটেলকে সহ-অধিনায়ক করা হয়েছিল। শুভমনকে নিজের পুরনো পদে ফেরানো হল।
নজর ছিল যশস্বী জয়সওয়ালের দিকেও। কিন্তু তাঁকে ১৫ জনের দলে নেওয়া হয়নি। স্ট্যান্ড বাই হিসাবে রাখা হয়েছে। আইপিএলে ভালো পারফরম্যান্সের পরেও জায়গা পাননি শ্রেয়স আয়ার। বাদ পড়েছেন রিয়ান পরাগও। দল ঘোষণার আগে শোনা যাচ্ছিল, রিঙ্কু সিং এই দলে সুযোগ পাবেন না। কিন্তু তাঁর ওপর ভরসা রেখেছেন নির্বাচকরা। কেকেআরের ব্যাটার রয়েছেন এশিয়া কাপের দলে। দ্বিতীয় উইকেটরক্ষক হিসাবে জায়গা পেয়েছেন জিতেশ শর্মা।