খেলার বিভাগ > ক্রিকেট
বুধবার নিজের সোশ্যাল মিডিয়ায় এই ঘোষণা করেছেন তিনি।
গত বছরের ডিসেম্বরে টেস্ট থেকে অবসর নিয়েছিলেন রবিচন্দ্রন অশ্বিন। এবার আইপিএলকেও বিদায় জানালেন তিনি। বুধবার সকালে নিজের সোশ্যাল মিডিয়ায় এই ঘোষণা করেছেন তিনি। ফলে আইপিএলের অন্যতম সফল বোলারের যাত্রা শেষ হল।
বুধবার গণেশ চতুর্থী। তাই এই দিনই অবসর ঘোষণার দিন হিসাবে বেছে নিয়েছেন অশ্বিন। তিনি লিখেছেন, ‘বিশেষ দিন। তাই একটা বিশেষ শুরু। ওঁরা বলেন, প্রতিটা সমাপ্তি একটা নতুন শুরুর ইঙ্গিত। আজ আইপিএলের ক্রিকেটার হিসাবে আমার যাত্রা এখানেই শেষ হচ্ছে। আবার আজ থেকেই বিভিন্ন লিগে ক্রিকেটের অভিযাত্রী হিসাবে আমার অভিযান শুরু হচ্ছে।’ অশ্বিনের সংযোজন, ‘এত বছর ধরে দারুণ সব স্মৃতি এবং সম্পর্ক রাখার জন্য সকল ফ্র্যাঞ্চাইজিকে ধন্যবাদ। আজ পর্যন্ত যা পেয়েছি, তার জন্য আইপিএল এবং বোর্ডকে ধন্যবাদ। আগামী দিনে যা সামনে আসতে চলেছে, সেটা তারিয়ে তারিয়ে উপভোগ করার জন্য অপেক্ষা করছি।’
অশ্বিনের স্পষ্ট ইঙ্গিত, তিনি বিদেশের বিভিন্ন লিগে খেলতে চাইছেন। ভারতের সব ধরনের আন্তর্জাতিক ক্রিকেট থেকে আগেই অবসর নিয়েছেন। এবার আইপিএল থেকেও সরে গেলেন। ফলে বিদেশের লিগে খেলতে আর সমস্যা থাকল না তাঁর। সম্প্রতি দীনেশ কার্তিক দক্ষিণ আফ্রিকার এসএটি২০ লিগে খেলেছেন। তাই ভবিষ্যতে অশ্বিনকেও বিদেশি লিগগুলিতে দেখা যেতে পারে। সব মিলিয়ে, আইপিএলে ২২১টি ম্যাচে ১৮৭টি উইকেট নিয়েছেন অশ্বিন। ব্যাট হাতে রয়েছে ৮৩৩ রান। ২০১০ এবং ২০১১ সালে চেন্নাইকে আইপিএল জেতাতে গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছিলেন অ্যাশ।