খেলার বিভাগ > ক্রিকেট
ঋষভ পন্থ ও আর্শদীপ সিংয়ের পর এবার চোট পেয়েছেন তিনি।
একের পর এক চোটের ধাক্কা ভারতীয় দলে। ঋষভ পন্থ ও আর্শদীপ সিংয়ের পর এবার চোট পেয়েছেন আকাশদীপ। ম্যাঞ্চেস্টারে চতুর্থ টেস্টে বাংলার পেসারকে পাওয়া যাবে কি না, তা নিয়ে সংশয় রয়েছে। ফলে ভারতের ওপর চাপ আরও বেড়েছে। বাধ্য হয়ে বোলিং আক্রমণে বদল করতে হচ্ছে গৌতম গম্ভীরদের। জানা গিয়েছে, জসপ্রীত বুমরা ও আকাশদীপকে একসঙ্গে খেলানো যাবে না।
জানা গিয়েছে, আকাশদীপের পিঠের ব্যথা আবার শুরু হয়েছে। লর্ডসে শেষ স্পেলে তাঁকে দেখে বোঝা যাচ্ছিল, কিছু একটা সমস্যা হচ্ছে। পুরো দম লাগাতে পারছিলেন না বাংলার পেসার। বল করার পর মাঠ ছেড়ে সাজঘরে যান তিনি। সঙ্গে ছিলেন দলের ফিজিয়ো। পিঠে হাত দিয়েছিলেন আকাশ। ফলে সেখানেই যে সমস্যা হচ্ছে তা বোঝা যাচ্ছিল। আকাশদীপের এই পিঠের সমস্যা নতুন নয়। গত অস্ট্রেলিয়া সফরে এই পিঠের ব্যথার জন্যই মাঝপথে ছিটকে গিয়েছিলেন তিনি। প্রায় তিন মাস মাঠের বাইরে থাকতে হয়েছিল। আইপিএলের শুরুতেও খেলতে পারেননি আকাশ। সেই সমস্যা আবার হচ্ছে তাঁর। ফলে ম্যাঞ্চেস্টার আকাশদীপের খেলা নিয়ে সংশয় রয়েছে। অনুশীলনেও বল করেননি তিনি।
আর্শদীপ ও আকাশদীপ চোট পাওয়ায় সিরিজের মাঝপথে হরিয়ানার পেসার অংশুল কম্বোজকে ডেকে পাঠানো হয়েছে। এই পরিস্থিতিতে বুমরা ও আকাশদীপকে একসঙ্গে খেলাতে পারবে না ভারত। বোলিং আক্রমণে বদল করতে বাধ্য হচ্ছেন গম্ভীর। বোর্ডের এক সূত্র বলছেন, ‘বাকি দুই টেস্টে বুমরা ও আকাশদীপ একসঙ্গে খেলবে না। আগেই ঠিক ছিল যে বুমরা তিনটে টেস্ট খেলবে। এবার আকাশও চোট পেয়েছে। ফলে দু’জনকে একসঙ্গে পাওয়া যাবে না। যদি বুমরা ম্যাঞ্চেস্টারে খেলে তা হলে আকাশদীপ ওভালে ওর বদলে খেলবে।’
ম্যাঞ্চেস্টারে বুমরার খেলা প্রায় পাকা। কারণ, দুই টেস্টের মধ্যে আট দিনের বিশ্রাম পেয়েছে ভারত। পাশাপাশি ভারত সিরিজে ১-২ পিছিয়ে রয়েছে। চতুর্থ টেস্ট সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। সিরিজে টিকে থাকতে হলে এই টেস্ট জিততেই হবে। ম্যাঞ্চেস্টারে এখনও পর্যন্ত কোনও দিন জেতেনি ভারত। এই মাঠে ন’টা টেস্ট খেলেছে তারা। চারটে হেরেছে ভারত। পাঁচটা ড্র হয়েছে। প্রথমবার ম্যাঞ্চেস্টারে জিততে চাইছেন শুভমন গিলরা। ফলে দলে বুমরার থাকা খুব দরকার। তবে আকাশদীপ যদি খেলতে না পারেন, তা হলে দলে আবার ফিরতে পারেন প্রসিদ্ধ কৃষ্ণ।