• +91 6291642485
  • 6291642485
Banner

খেলার বিভাগ > ক্রিকেট

বিরাট দেড় মাসের আগে অবসরের কথা আমাদের জানিয়েছিল: আগরকর

১২ মে টেস্ট থেকে নিজের অবসরের কথা ঘোষণা করেছেন কোহলি।

রোহিত শর্মার পরেই ভারতীয় টেস্ট দল থেকে অবসর ঘোষণা করেন বিরাট কোহলি। তা নিয়েই বিসিসিআইয়ের নির্বাচক কমিটির চেয়ারম্যান অজিত আগরকর শুক্রবার সাংবাদিক বৈঠকে জানান, প্রাক্তন অধিনায়ক বিরাট চলতি বছরের এপ্রিল মাসেই তাঁকে টেস্ট থেকে অবসর নেওয়ার সিদ্ধান্তের কথা জানিয়েছিলেন। ১২ মে টেস্ট থেকে নিজের অবসরের কথা ঘোষণা করেছেন কোহলি। তার আগেই জল্পনা শোনা গিয়েছিল, কোহলি বোর্ডকে নিজের সিদ্ধান্তের কথা জানিয়ে দিয়েছেন। সে কথা স্বীকার করলেন নির্বাচক প্রধান আগরকর।
শনিবার ইংল্যান্ড সফরের দল ঘোষণা হয়েছে। সাংবাদিক বৈঠকে কোহলির অবসর নিয়ে মুখ খোলেন আগরকর। তিনি বলেন, 'বিরাট এপ্রিল মাসের শুরুতে আমাদের জানিয়েছিল।' অর্থাৎ, অবসর ঘোষণার প্রায় দেড় মাস আগে ভারতীয় ক্রিকেট বোর্ডকে নিজের সিদ্ধান্ত জানিয়ে দিয়েছিলেন কোহলি। এতদিন পরে তা জানা গেল।
কোহলির সিদ্ধান্তকে বোর্ড সম্মান জানিয়েছে। আগরকর বলেন, 'বিরাট যে ক’টা বল খেলেছে তার প্রত্যেকটায় ওকে ২০০ শতাংশ দিতে দেখেছি। এমনকি, যখন ও মাঠে ফিল্ডিং করেছে তখনও নিজের সবটা দিয়েছে। ওর মনে হয়েছে, নিজের সবটা ও টেস্ট ক্রিকেটে দিয়ে ফেলেছে। এর পরে খেললে আর সেটা করতে পারবে না। তাই ও সরে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে। আমাদের সেই সিদ্ধান্তকে সম্মান জানাতেই হত।'
গত অস্ট্রেলিয়া সফর চলাকালীন টেস্ট ক্রিকেট থেকে অবসর নিয়েছিলেন রবিচন্দ্রন অশ্বিন। কোহলির কয়েক দিন আগেই লাল বলের ক্রিকেটকে ‘অলবিদা’ জানিয়েছেন রোহিতও। তিনজনকে ছাড়া ইংল্যান্ডে নামতে হবে ভারতকে। এই তিনজনের অভাব পূরণ করা যে সহজ নয় তা স্পষ্ট করে দিয়েছেন আগরকর। তিনি বলেন, 'যখন রোহিত, বিরাট, অশ্বিনের মতো ক্রিকেটার অবসর নেয় তখন একটা শূন্যস্থান তৈরি হয়। তা ভরাট করা সহজ নয়। ওরা ক্রিকেটের বড়ো বড়ো নাম। তবে একে অন্য ভাবেও দেখা যায়। ওরা না থাকায় অন্যদের কাছে সুযোগ বাড়ল। অন্য কেউ নজর কাড়তে পারে। আমার ওদের তিনজনের সঙ্গেই কথা হয়েছে। ওরা নিজেরাই সরে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে।'

     

বিজ্ঞাপন

Goto Top