খেলার বিভাগ > ক্রিকেট
টি-২০ বিশ্বকাপে টানা ন'ম্যাচ জিতে নয়া নজির টিম ইন্ডিয়ার
ব্যাটিং বিপর্যয় সামলে জয় দিয়ে টি-২০ বিশ্বকাপ শুরু করল টিম ইন্ডিয়া। মুম্বইয়ে মার্কিন যুক্তরাষ্ট্রকে ২৯ রানে হারাল সূর্যকুমার যাদব অ্যান্ড কোং। ৪৯ বলে অপরাজিত ৮৪ রান করে জয়ের নায়ক অধিনায়ক নিজেই।
ওয়াংখেড়ের মন্থর অথচ বাউন্সি পিচে শুরু থেকেই বিপাকে পড়ে গিয়েছিল দল। নিজের খেলা প্রথম বলেই সুইপার কভারে ক্যাচ দিয়ে আউট হন অভিষেক শর্মা। স্বমেজাজে দেখা যায়নি তাঁর ওপেনিং পার্টনার ঈশান কিষাণকেও (১৬ বলে ২০)। ক্রিজে সেট হয়ে যাওয়ার পরেও আউট হয়ে যান তিলক ভার্মা (১৬ বলে ২৫)। পাওয়ার প্লে-র শেষ ওভারে ঈশান, তিলক ও শিবম দুবেকে (০) ফিরিয়ে ভারতের স্কোর ৪৬/৪ করে দেন শ্যাডলি ফান শাল্কউইক (৪/২৬)। রান তুলতে ব্যর্থ রিঙ্কু সিং (১৪ বলে ৬) এবং হার্দিক পাণ্ড্যও (৬ বলে ৫)। স্কোর তখন ৭৭/৬। অক্ষর পটেলকে (১১ বলে ১৪) সঙ্গী করে সপ্তম উইকেটে ৪১ রান যোগ করেন সূর্য। শেষ দু'ওভারে ৩৩ রান যোগ করে দলকে পৌঁছে দেন ১৬১/৯-এর সম্মানজনক স্কোরে। মার্কিন যুক্তরাষ্ট্রের পক্ষে উল্লেখযোগ্য বোলিং হরমীত সিং (২/২৬) ও মহম্মদ মহসিনের (৪-০-১৬-১)।
জবাবে অর্শদীপ সিং (২/১৮) ও মহম্মদ সিরাজ (৩/২৯) শুরুতেই বিপাকে ফেলে দেন মার্কিন যুক্তরাষ্ট্রকে। ইনিংসের প্রথম ২০ বলের মধ্যে ১৩/৩ হয়ে গিয়েছিল তাদের স্কোর। মিডল অর্ডারে মিলিন্দ কুমার (৩৪ বলে ৩৪), সঞ্জয় কৃষ্ণমূর্তি (৩১ বলে ৩৭) ও শুভম রঞ্জনে (২২ বলে ৩৭) যথেষ্ট চেষ্টা করলেও তাদের রান তোলার গতি বাড়তে দেননি অক্ষর পটেল (২/২৪), বরুণ চক্রবর্তীরা (১/২৪)। ফলে ১৩২/৮-এই আটকে যায় মার্কিন যুক্তরাষ্ট্র।
গত টি-২০ বিশ্বকাপে টানা আট ম্যাচ জিতেছিল টিম ইন্ডিয়া। এদিনের ম্যাচ জিতে টানা ন'ম্যাচ জেতার নজির গড়ল তারা।