খেলার বিভাগ > ক্রিকেট
নেটে ব্যাটিং শুরু করেছেন ভারতের এক দিনের দলের সহ-অধিনায়ক।
অস্ট্রেলিয়া সফরে ফিল্ডিং করতে গিয়ে পাঁজরে চোট পেয়েছিলেন শ্রেয়স আয়ার। তার পর থেকে মাঠের বাইরে তিনি। দু’মাসের বেশি ক্রিকেটে দেখা যায়নি তাঁকে। আপাতত অনেকটাই সুস্থ তিনি। নেটে ব্যাটিংও শুরু করেছেন ভারতের এক দিনের দলের সহ-অধিনায়ক। তিনি আবার কবে ভারতীয় দলে ফিরবেন, তার সম্ভাব্য সময় জানা গিয়েছে।
বুধবার প্রথম নেটে ব্যাট করেছেন শ্রেয়স। প্রায় এক ঘণ্টা ধরে ব্যাট করেছেন তিনি। ব্যাটিংয়ের সময় কোনও রকম সমস্যা হয়নি তাঁর। জানা গিয়েছে, বাকি রিহ্যাব বেঙ্গালুরুর সেন্টার অফ এক্সেলেন্সে করবেন শ্রেয়স। সেখানে আপাতত কিছু দিন থাকতে হবে তাঁকে। প্রথমে মনে করা হয়েছিল, বিজয় হজারে ট্রফি শুরু হওয়ার আগেই সুস্থ হয়ে উঠবেন শ্রেয়স। কিন্তু তা হয়নি। আরও কিছু দিন সময় লাগবে তাঁর। ভারতীয় ক্রিকেট বোর্ডের এক কর্তা সংবাদমাধ্যমে বলেন, “অস্ট্রেলিয়ায় শ্রেয়স খুব খারাপ ধরনের চোট পেয়েছিল। ফলে অনেক দিন ওকে ক্রিকেটের বাইরে থাকতে হল। তবে এখন আর ওর ব্যথা নেই। কোনও রকম সমস্যা হচ্ছে না। এটা ভাল বিষয়। এর পর নিউ জ়িল্যান্ডের বিরুদ্ধে ভারতের এক দিনের সিরিজ় আছে। বিজয় হজারে চলছে। দুটো প্রতিযোগিতাতেই শ্রেয়সের খেলার সম্ভাবনা আছে।”