• +91 6291642485
  • 6291642485
Banner

খেলার বিভাগ > ক্রিকেট

১ অক্টোবর থেকে নতুন নিয়ম চালু এমসিসি-র

হিট উইকেট, ডেড বল ও দিনের শেষ ওভার নিয়ে নতুন সিদ্ধান্ত ক্রিকেট-আইনের সর্বোচ্চ সংস্থার

ক্রিকেটে নতুন বিবর্তন। সৌজন্যে ক্রিকেটের আইন-সংক্রান্ত সর্বোচ্চ সংস্থা মেরিলিবোন ক্রিকেট ক্লাব (এমসিসি)। মঙ্গলবার একগুচ্ছ পরিবর্তনের কথা ঘোষণা করেছেন এমসিসি-র আইন-বিষয়ক ম্যানেজার ফ্রেজার স্টুয়ার্ট।
টেস্ট ম্যাচে দিনের শেষ ওভারে ব্যাটার আউট হলে সেখানেই সেদিনকার মতো খেলা বন্ধ করে দিতেন আম্পায়াররা। কিন্তু এবার থেকে পুরো ওভার খেলা শেষ করে তবেই মাঠ ছাড়তে পারবেন ক্রিকেটাররা।
বদল হয়েছে হিট উইকেটের নিয়মেও। ব্যাটার কোনওভাবে টাল সামলাতে না পেরে উইকেটের উপর পড়ে গেলে 'হিট উইকেট'-এর নিয়ম অনুযায়ী আউট হবেন। তবে ফিল্ডার বা উইকেটরক্ষকের সঙ্গে ধাক্কা লেগে তাঁর ব্যাট বা শরীর উইকেট স্পর্শ করলে ব্যাটারকে আউট দেওয়া হবে না।
এছাড়া, ওভারের শেষে বল হাতে রাখতে পারবেন ফিল্ডার বা আম্পায়াররা। আগে নিয়ম ছিল, বল বাধ্যতামূলকভাবে বোলার বা উইকেটরক্ষকের হাতে থাকতে হবে। তবেই তা তখনকার মতো 'ডেড' বলে গণ্য হবে। নতুন নিয়মের ফলে অনৈতিকভাবে খেলা চালিয়ে যাওয়ার প্রবণতা কমবে, মত এমসিসি-র। 
পাশাপাশি, ক্রিকেটের প্রসার বাড়াতে উইলোর বদলে 'ল্যামিনেটেড' ব্যাটের ব্যবহার মঞ্জুর করার সিদ্ধান্ত নিয়েছে এমসিসি। তবে এর ব্যবহার সীমাবদ্ধ থাকবে বিনোদনমূলক ক্রিকেটেই।
ক্রিকেটেকে 'আধুনিক যুগের উপযোগী' করতে তুলতেই এমন সব পরিবর্তন বলে জানিয়েছে এমসিসি। চলতি বছরের ১ অক্টোবর থেকেই কার্যকর হবে নতুন সিদ্ধান্তগুলি।

     

বিজ্ঞাপন

Goto Top